পবিত্র মাহে রমজানে রোজাদার ব্যাক্তিদের নিকট সেহরী ও ইফতার দুইটি অতিগুরুত্বপূর্ণ। সিয়াম সাধনার এই মাসে রোজাদারগণ ইবাদত বান্দেগীর সাথে সাথে গুরুত্বপূর্ণ এই সময় দুইটিতে তাদের সাধ্যমত খাবারের উপকরণ দিয়ে সেহেরী ও ইফতার করে থাকেন।
জৈন্তাপুর উপজেলায় সাধারণ মানুষের নিকট ইফতারের এক প্রধান অনুষঙ্গ হলো বিভিন্ন প্রজাতির সবুজ ও লাল শাক।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই বাজারে এবং ইফতারে ভাঁজা পোড়া খাদ্যের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে তুলনামুলক কম দামে বিভিন্ন প্রজাতির শাক রমজানে জৈন্তাপুর বাসীর নিকট অনেক জনপ্রিয় একটা অনুষঙ্গ।
সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার বিভিন্ন বাজারের সামনে কিংবা ব্যাস্তম স্টেশন এলাকায় মৌসুমী শাক বিক্রেতারা গামলায় করে বিভিন্ন প্রজাতির শাক আঁটি বেঁধে বিক্রির জন্য নিয়ে বসেন।
এর মধ্যে অন্যতম পালই শাক,কলমিশাক, লালশাক, বুথিয়া শাক,লাউশাক ইত্যাদি। শাকের আঁটি ভেদে বিভিন্ন ধরণের দামে বিক্রি হচ্ছে এসব শাক। কোন কোন আঁটি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বিক্রি হয়।
এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো পালই শাক। এ প্রজাতির শাক সাধারণত জৈন্তাপুর উপজেলার বিভিন্ন পাহাড়,টিলা বেস্টিত এলাকায় প্রাকৃতিক ভাবে জন্মে থাকে। রোজার মৌসুমে অনেক মৌসুমি শাকবিক্রেতা কিংবা গরু রাখাল পাহাড়ে টিলায় গেলে এই শাক সংগ্রহ করে আনেন বিক্রির জন্য।
জৈন্তাপুরে রোজায় বিভিন্ন পন্যের বাজার বিকেলে শুরু হলেও অস্হায়ী শাকের বাজারে যোহরের পরপর ক্রেতারা ভীড় জমাতে থাকেন।
এমনি এক ক্রেতা আসামপাড়া গ্রামের ব্যাবসায়ী কামাল আহমেদ ৪ নং বাংলা বাজারে শাক কিনতে এসে বলেন ইফতারে ভাঁজাপোড়া বেশী খেলে পেটে গ্যাসের সমস্যা হয়। তাছাড়া প্রতিটি আইটেমের সাথে যেকোন এক প্রজাতির শাক থাকলে ইফতার করে তৃপ্তি ও সহজে হজম হয়ে থাকে।
সাধারণত ঢাকা সহ সারাদেশে ইফতারে মুরির সাথে বিভিন্ন উপকরণ মেখে ইফতার করার রেওয়াজ থাকলেও সিলেট তথা জৈন্তাপুরের রোজাদারেরা ছোলা,পিয়াজু, বেগুনীর পাশাপাশি পোলাও, খিচুরি কিংবা আখনি খেয়ে থাকেন। আর এই ধরণের ইফতারের সাথে কোননা কোন শাক ভাঁজি করে প্রতিদিনের ইফতার থালায় সাজানো হয়ে থাকে।
ইফতারের সাথে বিভিন্ন প্রজাতির শাক খাওয়ার উপকারিতা সম্পর্কে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ সালাউদ্দিন মিয়া বলেন, এটা মানবদেহের জন্য অত্যাধিক উপকারী। শাকে প্রচুর পরিমান ভিটামিন -এ ভিটামিন -সি আয়রনের মত খাদ্য উপাদান থাকে। তাছাড়া রোজা রাখার ফলে পানি খাওয়া কম হওয়ায় কোষ্ঠকাঠিন্য হওয়ার একটা সম্ভাবনা থাকে। ইফতারে বেশী পরিমান শাক খেলে এই কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং শরীলে পানি ধরে রাখতে সক্ষম হয়। শাকের মাধ্যমে শরীলে মাইক্রোনিউট্রিয়ান্স বিভিন্ন ভিটামিন, ক্যালসিয়াম সহজে পাওয়া যায়। তাছাড়া দৃষ্টিশক্তির জন্য শাক মানবদেহের জন্য খুবই উপকারী।
জৈন্তাবার্তা/এমকে




