চোরাই পেঁয়াজের চালানসহ ২ চোরাকারবারি আটক।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১১ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় চোরাই পেঁয়াজের চালান আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতয়ালী মডেল থানাধীন মীরের ময়দানস্থ ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় দুটি ট্রাকে ১১ লাখ টাকার চোরাই পেঁয়াজের চালানসহ দুই চোরাকারবারিকে আটক করে ডিবি।
আটককৃতরা হলেন, টাঙ্গাইলের বাসাইল থানার ফুলকি বালিয়া উত্তর পাড়ার গফুর মিয়ার ছেলে সানোয়ার মিয়া( ৪৭) ও কোম্পানীগঞ্জ উপজেলার নোয়াগাঁওয়ের গিয়াসউদ্দিনের ছেলে মামুন আহমেদ (১৯)।
এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় মামলা রুজু করেছে ডিবি পুলিশ। সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরীর দিকনির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন ডিবির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) শাহরিয়ার আল মামুন।
জৈন্তাবার্তা/জেএ




