সুরমা নদীর বর্তমান অবস্থা।
- ১৮ কিলোমিটারের মধ্যে ৮ কিলোমিটারও হয়নি খনন
- ৫০ কোটি টাকা জলে যাওয়ার শঙ্কা
- দ্রুতগতিতে কাজ চলছে : পাউবো নির্বাহী প্রকৌশলী
সুরমা নদী। বাংলাদেশের প্রধান নদীসমূহের অন্যতম এটি। বৃহত্তর সিলেটের ঐতিহ্য আর ইতিহাসের বাঁকে বাঁকে ছড়িয়ে থাকা অপরূপা এ নদীর নাম সুরমা। জনশ্রুতি অনুযায়ী, রাজা ক্ষেত্রপালের স্ত্রী সুরম্যা এর নাম থেকেই এ নদীর নাম সুরমা। আগে এর নাম ছিলো বড়-বকরো বা বরবক্র নদী। এই বরবক্রের নিদর্শন আছে প্রাচীন বাংলা সাহিত্য ও শাস্ত্রে। তীর্থ চিন্তামণিতে বরবক্র বা বরাক নদীর বর্ণনা পাওয়া যায়। প্রাচীন পুরাণে বর্ণিত শরাবতীকে অনেকেই সিলেটের সুরমা বলে মনে করেন। বরবক্র নদীতে স্নান করলে সব পাপ দূর হয় বলে বিশ্বাস প্রচলিত আছে হিন্দু সমাজে। বলা হয়ে থাকে, হযরত শাহজালাল তার বাহিনী নিয়ে সিলেটের উপকণ্ঠে পৌঁছুলে সুরমা নদীতে চলাচলকারী সব নৌকা বন্ধ করে দেন রাজা গৌড়গোবিন্দ। সে সময় নিজের জায়নামাজে চেপে সুরমা পার হন শাহজালাল। রাজা অমর মাণিক্য (১৫৯৭-১৬১১) অনন্ত স্বর্গে গমনের আশায় বরবক্র ও মনু নদীর ‘মহাপবিত্র’ সঙ্গমস্থলে গিয়ে স্বেচ্ছামৃত্যু বরণ করেছিলেন বলে বলা আছে সতের শতকের শেষভাগে রচিত ত্রিপুরার রাজাদের ইতিহাস সংবলিত রাজমালা কাব্যে। হিজরি তৃতীয় শতকে সুরমা তীরের সিলেট বন্দরের বর্ণনা দিয়েছেন আরব পর্যটক সোলায়মান ছয়রাফী। মরক্কোর পর্যটক ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে হযরত শাহজালালের সঙ্গে মোলাকাতের জন্য নহরে আজরক দিয়ে সিলেট আসেন। আরবীতে আজরক অর্থ নীল রং। আর নহরে আজরক অর্থ নীল রঙের নদী। এই নীল পানির নদীই আজকের সুরমা। এক সময় এই নদীই ছিলো সিলেটের জীবন-জীবিকার প্রধান উৎস। নদীর দু’পাড়ে গড়ে উঠেছিল নগর, বন্দর, জনপদ। সড়ক পথে যোগাযোগ গড়ে ওঠার আগে সিলেটের সঙ্গে বাংলা ও এর পার্শ্ববর্তী ভূ-খন্ডের ব্যবসা-বাণিজ্য হতো সুরমা কলকাতা থেকে জলপথে ঢাকা এসে বুড়িগঙ্গা ও মেঘনা পেরিয়ে পড়তে হতো সুরমায়। ছোট মেঘনা দিয়ে সুরমা হয়ে সবচেয়ে সোজা ও সংক্ষিপ্ত পথে দাউদকান্দি থেকে সিলেট যাওয়া যেতো।
এত এত ইতিহাস ঐতিহ্য থাকার পরেও আজ সুরমা নদী যেন এক দু:খের নাম। শত শত বছরের সোনালী অতীতের নদী যেনো এখন প্রায় মৃত। মানুষের অত্যাচারে সংশ্লিষ্টদের অবহেলায় নদীটি আজ সিলেট নগরীর ডাস্টবিন তথা আবর্জনার পরিণত হয়েছে। প্রতিনিয়ত গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে উঠে আসছে সুরমা নদীর ভয়াবহ চিত্র।
সরেজমিনে দেখা যায়, সুরমা নদীর মধ্যস্থরে চরের উৎপত্তি হয়েছে। শুধু চর নয়, নদীর মধ্যে নোংরা আবর্জনা এমনভাবে ছড়িতে ছিটিয়ে রয়েছে যে কেউ প্রথম দেখলে ভাববে এটা কোন নদী নয় আবর্জনার স্তুপ। আবর্জনার মাত্রা এত বেশী যে এখানে মশার কোটি কোটি বংশ বিস্তার লাভ হচ্ছে।।
এদিকে শনিবার (১৬ মার্চ) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দক্ষিণ কুশিঘাট এলাকায় সুরমা নদীর খননকাজ পরিদর্শন করেন পরিবেশকর্মীরা।
পরিদর্শন শেষে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তারা অভিযোগ করে বলেন, ধীরগতিতে চলছে সুরমা নদীর খননকাজ। প্রকল্পের আওতাধীন ১৮ কিলোমিটারের মধ্যে নদীর ৮ কিলোমিটার অংশও খনন হয়নি। সিলেটের মানুষ আশা করেছিল সুরমা নদী খননের মাধ্যমে নব্যতা ফেরানো হবে। কিন্তু নদী খননের কাজ লক্ষ্যমাত্রা থেকে বহুদূরে। নদী খনন নিয়ে রাজনৈতিক নেতৃত্বের নজরদারি না থাকায় প্রকল্পের ৫০ কোটি টাকা জলেই যাবে বলে মনে হচ্ছে।
সুরমা রিভার ওয়াটারকিপার ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য আব্দুল করিম কিম বলেন, ২০২৩ সালের ২১ জানুয়ারি অনেক ঢাকঢোল পিটিয়ে খনন কাজের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সে সময়ে তিনি বলেছিলেন, 'সুরমা নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় পানি উপচে পড়ছে। সুরমা খনন করতে হবে। আমরা নদী খননের পরিকল্পনা নিয়েছি। আগামী বর্ষার আগেই খনন করা হবে।' বর্ষা শেষ হয়ে আরেক বর্ষা সমাগত। সুরমা নদীর খনন কাজ শেষ হয়নি। প্রকল্পের আওতাধীন ১৮ কিলোমিটারের ৮ কিলোমিটার নদী খনন হয়েছে বলাটাও কঠিন। সুরমা নদী খনন নিয়ে যা হচ্ছে তা রাষ্ট্রের অর্থের অপচয়। এই খনন শুভংকরের ফাঁকি।
খনন কাজ সম্পর্কে পাউবোর নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ‘চলমান খনন কাজ প্রকল্পটি আগামী জুন পর্যন্ত চালানো যাবে। এর মধ্যে শত ভাগ খননকাজ শেষ না হলেও অন্তত ৮০ শতাংশ শেষ হবে। দ্রুতগতিতে কাজ চলছে। সুরমার সিলেট অংশের কুশিঘাট এলাকা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে, সেটি প্রকল্পের আওতাধীন। দুই-এক মাসের মধ্যে এই অংশে খননকাজ শুরু হবে। এখানে একসঙ্গে সব ড্রেজার চালাতে হবে। এজন্য সবশেষে কুশিঘাট এলাকা খনন শুরু হবে। প্রকল্পের মেয়াদ নতুন করে আর বাড়বে না।’
উল্লেখ্য, নগর সংলগ্ন সুরমার উপর শাহজালাল (র.) ১ম, ২য় ও তৃতীয় সেতুর পিলারে পানির স্রোত বাধাগ্রস্ত হয়ে জমে উঠেছে চর। তারচেয়েও ভয়াবহ নদীদূষণ হচ্ছে অসচেতনভাবে নগরের বর্জ্য নদীতে ফেলে। নগরের হাজার হাজার টন পলিথিন সুরমার মৃত্যুঘণ্টা বাজিয়ে বিপন্ন করে তুলেছে পরিবেশ।
জৈন্তাবার্তা/জেএ




