প্রতিকী ছবি
- ১৪ মাসে ১৩৯ দুর্ঘটনায় ১৪৯ জন নিহত * নিহতদের মধ্যে ২৮ জন গাড়ি চালকও
- রয়েছেন
- মহাসড়কের খানাখন্দ,পিচ্ছিল ও ত্রুটিপূর্ণ স্থান চিহ্নিত থাকা সত্বেও সওজ নেয়না কোনো ব্যবস্থা
সিলেটে কোনোভাবেই কমছেনা সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনার জন্য একাধিক কারণ চিহ্নিত হলেও এ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। বিশেষ করে সড়ক ও জনপথ বিভাগের উদাসিনতা আর চালক ও যাত্রী সাধারণের অসচেতনতায় ঘটছে এসব দুর্ঘটনা। এজন্য গত প্রায় দেড় বছরে শুধু সিলেটের হাইওয়ে গুলোতে ঘটেছে প্রায় দেড় শতাধিক দুর্ঘটনা।
এর মধ্যে উল্লেখযোগ্য ১৩৯ টি দুর্ঘটনায় ১৪৯ জনের প্রাণহানি ঘটেছে। সিলেটের হাইওয়েতে ২৮৮টি বাইপাস সড়ক আর ১৮টি ‘ভয়ংকর’ বাক এসব দুর্ঘটনার পেছনে রাখছে ভূমিকা।
এছাড়া সড়ক দুর্ঘটনার জন্য অধিক ঝুঁকিপূর্ণ স্থান এবং খানাখন্দ আর পিচ্ছিল জায়গার তালিকাও আছে সড়ক ও জনপথের কাছে। তারাও এসব স্থানে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। জৈন্তা বার্তা’র অনুসন্ধানে উঠে এসেছে এমন চিত্র।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, সিলেটে বেশীর ভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে হাইওয়ে গুলোতে। পরিসংখ্যানে দেখা গেছে সিলেট- ঢাকা এবং সিলেট তামাবিল অংশেই গত ১৪ মাসে প্রায় ১৩৯ টি সড়ক দুুর্ঘটনা ঘটেছে। এতে ১৪৯ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ৮৪ জন যাত্রী,৪৬ জন পথচারী, ২৮ জন গাড়ি চালক, ৪ জন হেলপার প্রাণ হারিয়েছেন এসব দুর্ঘটনায়। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। এর মধ্যে ২০২৩ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত মারা গেছেন ১২৬ জন। বাকীদের মৃত্যু হয়েছে গত জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে। কখনও পেছন থেকে ধাক্কা, কখনও মুখোমুখি সংঘর্ষ আবার কখনও বেপরোয়া গতি বা নিয়ন্ত্রণ হারানোর ফলে এসব দুর্ঘটনা ঘটেছে বলে কারণ চিহ্নিত করেছে পুলিশ।
হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছে, তাদের সিলেট অঞ্চলের অধিক্ষেত্র হচ্ছে মোট ২৩৫ কিলোমিটার। এর মধ্যে রয়েছে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার মুল সড়কের কিছু অংশ। হাইওয়ের ওসমানীনগর, নবীগঞ্জ এবং মৌলভীবাজার সদর থানার অংশ নিয়ে রয়েছে শেরপুর হাইওয়ে থানা। হবিগঞ্জের বাহুবল, চুনারুঘাট,শায়েস্তাগঞ্জ আর মাধবপুর থানার অংশ নিয়ে গঠিত শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা, মৌলভীবাজারের শ্রৗমঙ্গল এবং হবিগঞ্জের বাহুবল থানার একটি অংশ নিয়ে সাতগাও হাইওয়ে ফাঁড়ি,সিলেটের ওসমানীনগর জৈন্তাপুর আর গোয়াইনঘাটের কিছু অংশ নিয়ে রয়েছে তামাবিল হাইওয়ে ফাঁড়ি। সিলেটের বিশ্বনাথ ও সুনামগঞ্জের ছাতক, দক্ষিণ সুনামগগঞ্জ ও সদর থানা নিয়ে জয়কলস হাইওয়ে ফাঁড়ি রয়েছে। এই থানা ও ফাঁড়িগুলোর আওতায় বিশেষ করে সিলেট ঢাকা এবং সিলেট তামাবিল সড়কে রয়েছে ১৮ টি বাক, ২৮৮টি বাইপাস সড়ক আর অসংখ্য খানাখন্দ এবং পিচ্ছিল সড়ক।এগুলো ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। যে গুলোতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। অনেক স্থানে সড়কে সতর্কতামুলক কোনো নির্দেশনা বা চিহ্নও নেই ।
বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়কে রয়েছে অসংখ্য খানাখন্দ এবং রাস্তার বিভিন্ন সমস্যা। রয়েছে কয়েকটি ত্রুটিপূর্ণ ও পিচ্ছিল স্থান। যেগুলোতে প্রায়ই ঘটে মর্মান্তিক সব দুর্ঘটনা। খানাখন্দ: এই মহাসড়কের দেবপাড়া বাজার, সদরঘাট নতুন বাজার, আউশকান্দি গোলচত্বর, মিনহাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ অংশ,সৈয়দপুর বাজার, সৈয়দপুর ব্রিজের সম্মুখ,সৈয়দপুর বাজার ফিলিং স্টেশনের সম্মুখে রয়েছে বেশ কয়েকটি খানাখন্দ। এসব সম্পর্কে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে গত কয়েক বছরে একাধিকার লিখিতভাবে সড়ক ও জনপথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। পিচ্ছিল স্থান: ঢাকা সিলেট মহাসড়কে খাটিহাতা হাইওয়ে থানা ও শায়েস্তগঞ্জ হাইওয়ে থানার অন্তর্ভূক্ত কয়েকটি স্থানে রয়েছে পিচ্ছিল সড়ক। বিশেষ করে আমতলা, বীল পাশা, শশই, ইসলামপুর, বুধন্তী,টান্দুরা, রামপুর, ভৈশামুরা,রাজাবাড়িয়া,মাধবপুর কলেজ এর সামনের রাস্তা,শাহজীবাজার পাওয়ার প্লান্ট এর নিকটবর্তী স্থান, বেজুড়া এলাকা, হাইওয়ে ইন রেস্টুরেন্ট এর নিকটবর্তী স্থান, অলিপুর হতে শায়েস্তাগঞ্জ গোলচত্বর পর্যন্ত সড়ক, সুতাং বাজারের মুখ, নূরপুর এলাকা, মৌচাক ব্রিজ এবং বাহুবলের কয়েকটি স্থানে রয়েছে পিচ্ছিল অবস্থা। ফলে এসব স্থানে বেশী দুর্ঘটনা ঘটে।
ত্রুটিপূর্ণ সড়ক: শেরপুর হাইওয়ে থানা এবং শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ফুলতলী থেকে পানি উমদা, মজলিসপুর হতে আউশকান্দি মোড় পর্যন্ত,পুটিজুড়ি বাজারের ৫শ গজ উত্তরে,মাধবপুর বাজার. গোয়াইলা মীরনগর,চালিতাতলা বাজার, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের উপর এবং উত্তর পাশে, জগদীশপুর মোড়, কসবাবাড়ি বেজুড়া এলাকায় অধি ত্রুটিপূর্ণ সড়ক রয়েছে।
আর এসব কারণে ঢাকা সিলেট মহাসড়কের উল্লিখিত স্থানগুলোতেই বেশীর ভাগ দুর্ঘটনা ঘটে থাকে। প্রতিটি দুর্ঘটনার হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এর পূর্বাপর অবস্থা পর্যবেক্ষণ পূর্বক প্রতিবেদন দাখিল করে থাকে।
এসব প্রতিবেদনে ঘটনার কারণ, ধরণ, ক্ষয়ক্ষতিসহ সবকিছু বর্ণনা করা হয়। সবশেষে যে কারণে সড়কে দুর্ঘটনাটি ঘটেছে তাও উল্লেখ করা হয়। বিশেষ করে সড়ক ও জনপথ কর্তৃপক্ষকে বারবার লিখিত অবহিত করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সওজসহ সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরের সহযোগিতা চাওয়া হয়। কিন্তু কে শুণে কার কথা? (চলবে)
জৈন্তাবার্তা/জুনেদ




