প্রতিকী ছবি
সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়। হত্যার প্রায় ২৩ বছর পর আজ মঙ্গলবার সিলেট বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. শাহাদৎ হোসেন প্রামাণিক এ রায় ঘোষণা করেন।
আদালতের পেশকার (বেঞ্চ সহকারী) আহম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি আজিজ মিয়া উরফে আইজুল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার কোয়রপুর কদমতলীপাড়ার দিলু মিয়া উরফে দিল্লুর রহমানের ছেলে। ঘটনার সময় তিনি বাগবাড়ি এলাকায় থাকতেন। বর্তমানে আজিজ মিয়া পলাতক।
আদালত সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবেড় গ্রামের ছিদ্দিক আলীর সঙ্গে বিচ্ছেদের পর সুফিয়া বেগম আজিজ মিয়াকে বিয়ে করেন। সুফিয়ার আগের সংসারে এক কন্যা সন্তান ছিল। ওই কন্যা সন্তান ২০০০ সালে ১৫ মে সুনামগঞ্জ বাবার বাড়ি থেকে তার মাকে দেখতে সিলেট নগরীর বাগবাড়ির সোহেল মিয়ার কলোনির বাসায় আসে। কিন্তু সৎ বাবা আজিজ তাকে বিয়ে করতে স্ত্রী সুফিয়াকে প্রস্তাব দেন। সুফিয়া প্রস্তাবে রাজি না হওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য হয়। এর জেরে ওই বছরের ১৭ মে সুফিয়াকে কুপিয়ে হত্যা করেন আজিজ। এ ঘটনায় সুফিয়ার মেয়ে হাসিনা বাদী হয়ে কোতোয়ালি থানায় আজিজকে আসামি করে হত্যা মামলা করে। ২০০১ সালের ২১ ফেব্রুয়ারি কোতোয়ালি থানার তৎকালীন তদন্ত কর্মকর্তা এনামুল হক আসামি আজিজ মিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০০৪ সালের ১৭ ফেব্রুয়ারি মামলার বিচার শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার (১৮ মার্চ) এ রায় ঘোষণা করেন আদালত।
জৈন্তাবার্তা/জেএ




