ফাইল ছবি
২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার ও মানক্ষুণ্ন হওয়ার অভিযোগে সিলেটে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিলেন ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরী। এবার সেই মামলা আপসে মীমাংসা করলেন তিনি।
মঙ্গলবার (১৯ মার্চ) সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মনির কামালের আদালতে তিনি আপসনামা জমা দেন।
আপসের বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী জাবের হোসাইন। তিনি বলেন, অভিযুক্তরা নিজেদের ভুলের জন্য মুফতি তাহেরীর কাছে ক্ষমা চান। পরে উভয়পক্ষ আপসনামা জমা দেন।
উল্লেখ্য, দুই বছর আগে অগ্রিম টাকা নিয়ে বালাগঞ্জের একটি মাহফিলে না আসার অভিযোগ তোলা হয় গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে। এ অভিযোগের পর ১৫ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে মামলা করেন তাহেরী।
মামলার এজাহারে তিনি তার সঙ্গে যোগাযোগ না করে মিথ্যা প্রচারের অভিযোগ তুলেছিলেন।
জৈন্তাবার্তা/জেএ




