অসহায়দের মুখে হাসি ফোটাতে শাবিতে ঈদবস্ত্র বিতরণ।
আসছে ঈদুল ফিতর উপলক্ষে অসহায়দের মুখে হাসি ফোটাতে ঈদবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'সঞ্চালন'।
বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আধুনিক ফুডকোর্টের সামনে এ মানবিক কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় অসহায়দের মধ্যে ঈদবস্ত্র তুলে দেন শাবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন।
এ সময় উপ-উপাচার্য বলেন, সঞ্চালনের এ মানবিক কাজে আমরা খুবই অভিভূত। আমাদের ছাত্ররা কত বেশি সৃজনশীল এবং দেশের কল্যাণের জন্য চিন্তা করে, সাধারণ মানুষের জন্য, আপামর জনসাধারণের জন্য, এটাই হচ্ছে তার একটা বড় উদাহরণ। সঞ্চালনের এসব মহতি কাজগুলো প্রমাণ করে, তাদের মন কত সুন্দর। এদের দ্বারাই আগামী সুন্দর দেশ গঠন হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী, সংগঠনটির উপদেষ্টা সহযোগী অধ্যাপক মোহাম্মাদ রাজিক মিয়া ও সহকারী প্রক্টর মো. মিজানুর রহমানসহ সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
প্রসঙ্গত, বিতরণ কর্মসূচি শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন ঈদবস্ত্র বিতরণের সাহায্যার্থে প্রতিবছর রমজানে সংগঠনটিকে তিন হাজার টাকা অনুদানের ঘোষণা দেন।
জৈন্তাবার্তা/জেএ




