সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ ব্যক্তিকে মারধরের অভিযোগ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ ব্যক্তিকে মারধরের অভিযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৩/২০২৪ ০৩:২৪:৪৮ পূর্বাহ্ন

সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ ব্যক্তিকে মারধরের অভিযোগ

ফাইল ছবি


সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ এক ব্যক্তিকে কিলঘুষি মেরে আহত করার অভিযোগ উঠেছে কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি বুধবার (২০ মার্চ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়ার কাছে লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী অমর চাঁদ দাস (৭৯) সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের বাসিন্দা। তিনি হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডের ৩৭ নম্বর শয্যায় চিকিৎসাধীন ছিলেন। ১৩ মার্চ হার্নিয়ার সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসার অংশ হিসেবে ১৬ মার্চ তাঁর অস্ত্রোপচার করা হয়।

অমর চাঁদ দাস মঙ্গলবার (১৯ মার্চ) রাতে অনলাইনে ও ডাকযোগে হাসপাতালের পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রস্রাবজনিত সমস্যায় তাঁর ক্যাথেডার লাগানো হলেও ১৭ মার্চ থেকে তিনি প্রস্রাব-সংক্রান্ত জটিলতায় কষ্ট পেতে থাকেন। এ অবস্থায় তিনি অসংখ্যবার কর্তব্যরত শিক্ষানবিশ নারী চিকিৎসক ও নার্সদের সহায়তা চান। 

যন্ত্রণায় অস্থির হয়ে একপর্যায়ে তিনি ওই শিক্ষানবিশ নারী চিকিৎসকের কক্ষে গিয়ে চিকিৎসাসহায়তা চান। এ সময় ওই নারী চিকিৎসক আরেকজন চিকিৎসক নিয়ে তাঁর শয্যার দিকে রওনা হন। পথিমধ্যে তিনি ওই নারী চিকিৎসকের উদ্দেশে বলেন, ‘তোমাদের মতো সুন্দরী নাতিন আমারও আছে, তারা তোমাদের মতো এত অমানবিক নয়।’ এ কথা বলার পর ওই চিকিৎসকেরা চলে যান। কিছুক্ষণ পর একজন পুরুষ চিকিৎসক পুলিশ নিয়ে এসে তাঁকে শাসান।

পুরুষ চিকিৎসকটি অমর চাঁদকে ‘তুইতোকারি’ করে কথা বলার পাশাপাশি খারাপ আচরণ করতে থাকেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, রাত দেড়টার দিকে অমর চাঁদকে ওই পুরুষ চিকিৎসক পাঁজাকোলা করে শয্যা থেকে চিকিৎসকের কক্ষের পাশে উঠিয়ে এনে ১৫ থেকে ২০ জনের একটি দল তাঁকে কিলঘুষি মারতে থাকে। একপর্যায়ে তাঁর মুঠোফোনও কেড়ে নেন। পরে ওই সংঘবদ্ধ দলটি তাঁকে জোরপূর্বক কিছু বলিয়ে রেকর্ড করে নেয়। পরদিন ১৮ মার্চ বিকেলে ভয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

অমর চাঁদ দাস বলেন, ওসমানী হাসপাতাল ও কলেজেই তিনি তাঁর মরণোত্তর চক্ষু ও দেহ দান করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠকও। প্রগতিশীল রাজনৈতিক সংগঠক ও সমাজসেবী হিসেবে তিনি দীর্ঘদিন ধরেই মানবসেবায় আছেন। তাঁর প্রতি চরম অমানবিক আচরণ ও শারীরিক নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি।

জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, অভিযোগ পেয়েছেন। খতিয়ে দেখতে একজনকে দায়িত্ব দিয়েছেন। তবে তিনি (অমর চাঁদ) কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে জঘন্য ও খারাপ ব্যবহার করেন। এক নারী চিকিৎসকের সঙ্গে অশ্লীল ও অসভ্য আচরণ করেছেন, যা সভ্য মানুষ করতে পারেন না। চিকিৎসকেরাও সেদিন অভিযোগ করেছেন। এমনকি এর প্রতিবাদে তাঁরা কর্মসূচিও দিতে চেয়েছিলেন। পরে পুলিশের কাছে লিখিত অভিযোগ করতে বলেছেন।

সূত্র : প্রথম আলো

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি