ছবি: নিজস্ব
সিলেট ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে সাদাপাথর পরিবহনকালে ট্রাকসহ শ্রমিকদের পুলিশ কর্তৃক আটক ও মামলা দায়েরের প্রতিবাদে মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রায় ৪ঘন্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয় বিক্ষুব্ধ শ্রমিকরা। মহাসড়কের লাছুখাল, টুকেরগাঁও ও তৈমুননগর এলাকায় অবস্থান নেন শ্রমিকরা।
এসময় অসংখ্য যানবাহন মহাসড়কে আটকা পরে। এতে বিপাকে পড়েন পর্যটকসহ হাজার হাজার পথযাত্রী। পরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তেক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে এঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বিবরণে বলা হয়, ২৪জুন রাতে অবৈধভাবে সরকারি ভূমি থেকে পাথর উত্তোলন করিয়া বিক্রির উদ্দেশ্য পরিবহনকালে বর্নি সংলগ্ন হাইটেক পার্কের সামনে ১টি হলুদ ও নীল রঙের ৩৪৫৫ সিসির মিনি হাইড্রোলিক ট্রাকসহ ৩জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল গ্রামের সাইদুল হকের ছেলে মোঃ আব্দুল্লাহ (৩৮), গৌরিনগর গ্রামের আক্রম আলীর ছেলে আবুল হোসেন (৩২), ও খাগাইল গ্রামের জমির উদ্দিনের ছেলে এনামুল হক(১৯)।
কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক, পিক-আপ, কাভার্ডভ্যান শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান জানান, ৩মাস আগের পাথর কাটাগাং এলাকা থেকে ২৪জুন রাত আনুমানিক ২ঘটিকায় আমার শ্রমিক সংগঠনের সদস্য পরিবহন করে গৌরিনগর যাওয়ার পথে হাইটেক পার্কের সামনে আসলে পুলিশ ট্রাকসহ ৩জনকে আটক করে থানায় নিয়ে যায়।
খবর পেয়ে সকালে আমরা ট্রাক ও আটককৃতদের মুক্তির দাবিতে সকাল থেকে সিলেট ভোলাগঞ্জ সড়ক অবরোধ করে রাখা হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে আমরা অবরোধ প্রত্যাহার করি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আবারও আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তিনি।
কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান খাঁন জানান, এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় একটি ট্রাক ও আনুমানিক ১৭৫ ঘনফুট সাদাপাথর আটক করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ জানান, সড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। কি কারণে অবরোধ হলো জানতে চাইলে তিনি বলেন পুলিশ কর্তৃক সাদাপাথর ও আটককৃতদের মুক্তির দাবিতে এই অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এস এইচ টি/




