ছবি: সংগৃহীত
সিলেটে চলমান বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও শঙ্কা কাটেনি। কয়েকদিন বৃষ্টিপাত কম হলেও বুধবারের বৃষ্টিতে আবারও শঙ্কায় পড়েছেন সিলেটবাসী। তার উপর আবহাওয়া অধিদপ্তর আগামীকাল শুক্রবার থেকে সিলেটে অতিবৃষ্টির পূর্বাভাস দেওয়ায় শঙ্কা আরো বেড়েছে।
সিলেট জেলা প্রশাসন থেকে বন্যার পরিস্থিতির বুধবারের প্রতিবেদনে জানানো হয়েছে, সরকারি হিসেবে জেলায় বর্তমানে বন্যা আক্রান্ত আছেন ৭ লাখ ৮৪ হাজার ২৫০ জন মানুষ। এদের মধ্যে আশ্রয় কেন্দ্রে আছেন ১২ হাজারেরও বেশি মানুষ। আশ্রয় কেন্দ্রগুলোতে ক্রমান্বয়ে মানুষের সংখ্যা কমছে। বিভিন্ন এলাকায় বন্যার পানি নামতে থাকায় মানুষজন নিজেদের বাড়িঘরে ফিরে যাচ্ছেন।
বুধবার প্রাপ্ত সরকারি তথ্যানুসারে জানা গেছে, বর্তমানে সিলেট মহানগরের ২টি ওয়ার্ডে বন্যা পরিস্থিতি বিদ্যমান আছে। এছাড়াও জেলার মোট ১ হাজার ৩৩৪টি গ্রামেও বন্যা এখন বিদ্যমান আছে। জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ ও খাদ্য ব্যবস্থাপনার চলমান তৎপরতা অব্যাহত আছে।
সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোতে কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। প্রতিটি উপজেলা সরকারি কর্মকর্তাগণ কাজ চালাচ্ছেন। ইউনিয়নে ইউনিয়নে মেডিকেল টিমও কাজ চালাচ্ছে। পাশাপাশি সরকারি-বেসরকারিভাবে ত্রাণ বিতরণ অব্যাহত আছে।
এদিকে ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে সিলেটের উজানে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতেও বৃষ্টিপাত কম হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সেখানকার বৃষ্টিপাত ছিল ৪ মিলিমিটার।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ সজীব হোসাইন জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৬ মিলিমিটার।
এস এইচ টি/




