ছবি: সংগৃহীত
সিলেট নগরীর চাঁদনীঘাটের দক্ষিণ সুরমা অংশে খোলা জায়গায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৯ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি টিম। বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়েন্দা বিভাগের টিম-২ এ অভিযান চালায়। আটককৃতরা চাঁদনীঘাট মাছ বাজারে আব্দুর রহমান মটরসের সামনে প্রকাশ্যে বসে জুয়া খেলারত ছিল।
মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জৈন্তাবার্তাকে জানান, আটককৃতরা হচ্ছেন নগরীর ছড়ারপাড়ের বাসিন্দা কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের আলী ইসলাম (৩০) ও মো. রবিউল আউয়াল, মৌলভীবাজারের কুলাউড়া মলইছড়া গ্রামের জামাল মিয়া (২৫), জালালাবাদ থানার মীরের গাঁওয়ের বদরুল ইসলাম (২৮), জকিগঞ্জের ছবরিয়া গ্রামের আবুল কালাম (৫৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বকডহর গ্রামের আশরাফ মিয়া (৫৬), শাহপরাণ থানাধীন বুরহানবাগের বাসিন্দা মিজান মিয়া (৪৪), হবিগঞ্জ জেলার বানিয়াচং ধুলিয়া ঘাটুয়া গ্রামের মিজানুর রহমান (২৯) ও হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শরীফনগরের বাসিন্দা মাহফুজ মিয়া (২৮)।
পুলিশ জানায়, অভিযুক্তদের জুয়া খেলার সরঞ্জামসহ ঘটনাস্থল আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রসঙ্গত, চাঁদনীঘাটের এই এলাকাতে এর আগেও বেশ কয়েকবার পুলিশ অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করেছে। কিন্তু তারপরও অপরাধীরা এখানে জুয়ার আসর বন্ধ করেনি। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা জুয়ার আসর চালিয়ে নিচ্ছিল। গোয়েন্দা পুলিশ সদস্যদের চোখ এড়ায়নি তাদের জুয়ার বোর্ড।
এস এইচ টি/




