ছবি: সংগৃহীত
সিলেটে অঞ্চলে পৃথক সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার দুই চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এছাড়া পরিবহনগুলোয় থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের খানুয়ায় ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষ, সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে ওসমানীনগরের দয়ামির আহমদনগর এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস সংঘর্ষ এবং সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের খালিশা সেতু এলাকায় সিএনজি অটোরিকশাকে ট্রাকচাপায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শরিয়তপুর জেলার ডামুইড্ডা ফুলপুর এলাকার মকবুল হোসেনের ছেলে মাইক্রোবাসচালক মোহাম্মদ আলী (৫২), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সালদিঘা গ্রামের ময়না মিয়ার ছেলে সিএনজি অটোরিকশাচালক সাজু মিয়া (২৫) ও জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার চান্দালী মিয়ার ছেলে অটোরিকশাচালক দবির মিয়া।
সিলেট তামাবিল হাইওয়ে পুলিশের সার্জেন্ট বাহারুল সোহাগ বাবু জানান, একটি বেসরকারি সিগারেট কোম্পানির ট্রেনিংয়ের জন্য চার কর্মকর্তা ঢাকা থেকে সিলেট যাচ্ছিলেন। পথে ওসমানীনগরের দয়ামির আহমদনগর এলাকায় ঢাকাগামী একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ঢাকার মিরপুরের বাসিন্দা মাইক্রোবাসচালক মোহাম্মদ আলী মারা যান। এ ঘটনায় সঙ্গে থাকা রামিম আহমদ গুরুতর আহত হন।
পরে ফায়ার সার্ভিসের লোকজন হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠান। গুরুতর আহত রামিম আহমদের ডান হাত ও বাম পা ভেঙে গেছে।
সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, হতাহতদের হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করা হয়েছে।
এদিকে, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ভোর ৩টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার খানুয়া নামক স্থানে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক সাজু মিয়া ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হন। তবে তাদের অবস্থা গুরুতর নয়। দুর্ঘটনায় নিহত চালকের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন।
এদিকে আমাদের জগন্নাথপুর প্রতিনিধি জানান, জগন্নাথপুরে পাথরের স্তূপে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে একটি অটোরিকশা। এ সময় একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে এর চালক দবির মিয়া (৩০) নিহত হন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
বুধবার রাত ১১টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের খালিশা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জগন্নাথপুর পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বিষয়টি নিশ্চিত করেন। নিহত অটোরিকশাচালক দবির মিয়া জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার চান্দালী মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে জগন্নাথপুরগামী একটি অটোরিকশা সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের খালিশা সেতু এলাকায় সড়কের ওপর রাখা পাথরের স্তূপের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দিলে এটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক দবির মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তঁাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিলেটে পাঠাতে বলেন। পরে রাত ৪টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালক মারা যান।
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, ঘটনার পর ওই ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। সিলেটে নিহত অটোচালকের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এস এইচ টি/




