ছবি: নিজস্ব
নগরীর ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ৩ দিনের কর্মসূচির ঘোষণা করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশে ও ভারপ্রাপ্ত মেয়র মো. মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে শনিবার নগরভবনের সভা কক্ষে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিসিকের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, আজ দুপুর ১২টায় পেন-ডাউনের মধ্য দিয়ে নগর ভবনসহ ৪২টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এক যোগে ১ ঘণ্টা করে মোট ৫৭ ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। এছাড়াও সোমবার টিলাগড় পয়েন্টে অবস্থান কর্মসূচি ও মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান বলেন, ২০ নম্বর ওয়ার্ডের ৫ বারের নির্বাচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে ন্যাক্কারজনক হামলা ও ভাঙচুরের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় সকল কাউন্সিলর ও কর্মকর্তাদের সর্বসম্মতিক্রমে তিনদিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সভায় দোষীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।
এসময় সিসিকের সকল ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জৈন্তা বার্তা / টিটু




