ছবি: নিজস্ব
সিলেটের কোম্পানীগঞ্জে বিষাক্ত রাসেলস ভাইপার ভেবে মেরে ফেলা হয়েছে একটি অজগর সাপ। প্রায় ছয় ফুট দৈর্ঘ্যের সাপটিকে মতিউর রহমান নামে একজন মাছ শিকারী একাই মেরেছেন। উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা নোয়াগাঁও এলাকায় হাওরে এ ঘটনা ঘটে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মাছ শিকারে বের হয়েছিলেন তিনি।
মতিউর জানান, শুক্রবার রাত একটায় মাছ শিকারে বের হন। হঠাৎ দেখেন নৌকার সামনে সাপ। রাসেলস ভাইপার ভেবে আঁতকে ওঠেন। সাপটি সামনের দিকে যেতে থাকলে পিছু নেন মতিউর। একপর্যায়ে কম পানিতে আসলে টেঁটা দিয়ে ঘা মারেন। সাপও টেঁটা পেঁচিয়ে ধরে। টেঁটাবিদ্ধ সাপটিকে ডাঙায় তুলে আনেন। তখনও নিশ্চিত হতে পারছিলেন না, এটি রাসেলস ভাইপার কিনা? পথচারী একজনকে জিজ্ঞেস করেও নিশ্চিত হওয়া যায়নি। তাই মৃত সাপটি নিয়ে যান বাড়িতে। পরদিন শনিবার সকাল থেকে স্থানীয় মায়ার বাজারে সাপটি প্রদর্শনের জন্য আনা হয়। সেখানে উৎসুক জনতা ভিড় জমান।
উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান বলেন, রাসেলস ভাইপার ভেবে সে সাপটি মেরেছে। খবর পেয়ে মানুষজন মতিউরের বাড়িতে ভিড় জমান। আমিও দেখতে গিয়েছিলাম। আমার কাছে এটি অজগর সাপ মনে হয়েছে।
বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, আমরা স্থানীয় কয়েকজনের কাছে জানতে চেয়েছি। তারা এটিকে অজগর বলছেন। যিনি মেরেছেন, রাসেলস ভাইপার ভেবে মেরেছেন। ফেইসবুকে রাসেলস ভাইপার আতঙ্ক ছড়ানোর কারণে এমনটি ঘটছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে রাসেলস ভাইপার নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলায় আতঙ্ক ছড়িয়েছে। এ নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান রাসেল বলেন, রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই সাপের চেয়েও বিষাক্ত হচ্ছে কিং কোবরা। তবু কাউকে এই সাপে দংশন করলে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পরামর্শ দেন তিনি। স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম (প্রতিষেধক) মজুত আছে বলেও জানান তিনি।
জৈন্তা বার্তা / টিটু




