ছবি: নিজস্ব
আবহাওয়া অফিস থেকে আগেভাগেই জানানো হয়েছিল ভারী বৃষ্টি এবং আবারও বন্যার শঙ্কার কথা। সেই শঙ্কাই সত্যি হলো। ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে আবারও বন্যা কবলিত হয়েছে সিলেটের তিন উপজেলা। দ্রুত পানি বাড়ছে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায়।
সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘণ্টায় সিলেটে ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের পূর্ববতর্ী ২৪ ঘণ্টায় সিলেটে ৩৯ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সন্ধ্যার পরও সিলেটে বৃষ্টিপাত অব্যাহত ছিল। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে। চেরাপুঞ্জি ও সিলেটের বৃষ্টিপাতের কারণে দ্রুতগতিতে বেড়েছে নদ-নদীর পানি।
আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মো. শাহ্ সজিব হোসেন জানান, সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় সিলেটে বৃষ্টিপাত হয়েছে ১৫৬ দশমিক ৪ মিলিমিটার। এর মধ্যে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘণ্টায় ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিকেলের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় বৃষ্টিপাত হয় ৬৫ দশমিক ৬ মিলিমিটার। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ছয় ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১২ দশমিক ৪ মিলিমিটার।
ভারতের আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট থেকে জানা গেছে, মেঘালয়-চেরাপুঞ্জিতেও ভারি বৃষ্টিপাত হচ্ছে। গত শুক্রবার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ৭২ ঘণ্টায় সেখানে বৃষ্টিপাত হয়েছে ৬৪০ মিলিমিটার। এর মধ্যে সোমবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৩১৩ মিলিমিটার। আজ সোমবারও সেখানে অতিবৃষ্টির শঙ্কা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সিলেট অফিস থেকে জানানো হয়েছে, অতিবৃষ্টির কারণে সিলেটের নদ-নদীগুলোতে চারটি পয়েন্টে পানি বিপৎসীমা ছাড়িয়েছে। সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১০২ সেন্টিমিটার ওপর দিয়ে এবং জৈন্তাপুরে সারি নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জকিগঞ্জের আমলসিদ পয়েন্টে কুশিয়ারার পানি বিপৎসীমার ২৮ মিলিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপৎসীমার উপরে থাকা ফেঞ্চুগঞ্জে একই নদীর পানি কিছুটা বেড়ে বিপৎসীমার ৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বাকি ৭ পয়েন্টেও নদীর পানি আগের দিনের তুলনায় বেড়েছে।
এদিকে, অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে পুনরায় সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা বন্যাকবলিত হয়েছে। এসব এলাকায় বাড়িঘর, বাজার- দোকানপাট প্লাবিত হয়েছে।
সোমবার রাত পৌণে ৯টায় সিলেট জেলা প্রশাসন থেকে বন্যা পরিস্থিতির প্রতিবেদনে জানানো হয়েছে সিলেটের আশ্রয়কেন্দ্রগুলোতে ৯ হাজার ৫৬৮ জন মানুষ রয়েছেন। সিলেট মহানগরে নতুন করে বন্যা দেখা না দিলেও সদর উপজেলাতে ৩৫টি গ্রামে পুনরায় বন্যা দেখা দিয়েছে। বাকি ১২টি উপজেলায় ১ হাজার ৮১টি গ্রামের ৭ লাখ ৩৩৬ হাজার মানুষ এখনও পানিবন্দি রয়েছেন।
বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন ও প্রত্যেক উপজেলা প্রশাসন কার্যালয়ে কন্ট্রোল স্থাপন করে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি ইউনিয়নে মেডিকেল টিম গঠন করে বন্যার্ত অসুস্থ মানুষকে প্রদান করা হচ্ছে স্বাস্থ্যসেবা।
বন্যা পরিস্থিতির তথ্য সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়েছে, জেলায় অব্যাহত ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে জেলার অভ্যন্তরীণ নদ-নদীগুলোর পানি ৪টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার দুপুর থেকে চলমান বৃষ্টির কারণে পানি বৃদ্ধি পাচ্ছে।
জৈন্তা বার্তা / টিটু




