ছবি : নিজস্ব
সিলেটে জৈন্তাপুরে বন্যা কবলিত বানভাসি বেঁদে সম্প্রদায়ের মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
মঙ্গলবার (২ জুলাই) বিকেলে জৈন্তাপুর উপজেলার সারী নদীর তীরবর্তী অস্হায়ী বেঁদে পল্লীতে তিনি রান্না করা খাবার বিতরণ করতে আসেন। এ সময় সারিঘাটে নদীর তীরবর্তী এলাকায় অস্হায়ীভাবে বসবাসকারী ১৫/২০ পরিবারের নিকট রান্না করা খাবারের প্যাকেট তুলে দেন। পরে প্রতিটি পরিবারের শিশু কিশোরদের মাঝে চিপস ও বিস্কুটের প্যাকেট বিতরণ করেন তিনি।
গতকাল সোমবার জৈন্তাপুর উপজেলায় তৃতীয় দফা পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চল সহ তিনটি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে বন্যার পানি প্রবেশ করে। এ সময় জৈন্তাপুর সারীর নদীর পশ্চিম প্রান্তে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অস্হায়ীভাবে বসবাসকারী ১৫/২০ বেঁদে সম্প্রদায়ের মানুষের পরিবার তাদের কাঁচা ঘরবাড়ী পানিতে তলিয়ে গেলে সেই স্হান থেকে বাড়ীঘর ফেলে নিরাপদে চলে আসে।
উক্তো এলাকায় নারী পুরুষ শিশু মিলে ৬০-৬৫ জন অস্হায়ী ভাবে বসবাস করে আসছিলো। এ সময় ইউএনও'র সাথে রান্না করা খাবার বিতরণে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদ উদ্দিন সাদ্দাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন সহ অন্যান্যরা।
এ বিষয়ে ইউএনও রুমাইয়া বলেন, চলতি মৌসুমে উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে পাহাড়ি ঢল ও বন্যা অন্যান্য বছরের তুলনায় বেশী। এর পূর্বের দুইবারের বন্যায় উপজেলা প্রশাসন বানভাসি মানুষ ও আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া মানুষের মাঝে রান্না করা খাবার, চাল,ডাল,আলু,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বিশুদ্ধ পানির গ্যালন বিতরণ করা হয়েছে। বর্তমানে তৃতীয় দফা বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।
তিনি আরো বলেন বেঁদে সম্প্রদায়ের মানুষের জন্য আজ রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। প্রয়োজনে বন্যার অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে উপজেলা প্রশাসন। সেই সাথে শুধু বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং এর পাশাপাশি ভারীবৃষ্টিতে উপজেলার পাহাড়ি টিলার নিকট বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে থাকতে সর্তকতামূলক প্রচারণা ও মনিটরিং চালাচ্ছে উপজেলা প্রশাসন।
জৈন্তাবার্তা/ মনোয়ার




