ছবি: সংগৃহীত
বিগত একমাসের মধ্যে টানা তৃতীয় দফা বন্যার কবলে পড়েছে সিলেট। আগের দু’দফা বন্যার ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠা সম্ভব হয়নি। এখনো মানুষ পুরোপুরি ঘর-বাড়িতে ফিরতে পারেনি। এরমধ্যে নতুন করে আবারও বন্যার কবলে পড়েছে সিলেট। সিলেট জেলা সবকটি উপজেলাতেই এখন নতুন করে বন্যা দেখা দিয়েছে।
গত কয়েকদিনে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও ২/৩দিনের বৃষ্টিপাত আর উজানের অস্বাভাবিক ঢলে সীমান্তবতর্ী উপজেলাবাসীর অবস্থা নাজেহাল। তারা এখন আবারও নিরাপদ আশ্রয়ে ছুটছেন। অনেকেই সরকারি আশ্রয়কেন্দ্রে উঠলেও কেউ কেউ শহরাঞ্চলে নিজেদের আত্মীয়-স্বজনদের বাসায় আশ্রয় নিচ্ছেন।
সিলেট জেলা প্রশাসন থেকে প্রাপ্ত বন্যা পরিস্থিতির দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে বর্তমানে জেলার প্রায় সবকয়টি এলাকা পুনরায় বন্যার কবলে পড়েছে। সাড়ে ৬ লাখের কাছাকাছি মানুষ বন্যা কবলিত। জেলার নদ-নদীগুলোর পানি ৫টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটে বৃষ্টি কম হলেও প্রতিবেশী দেশ ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে দ্রুতগতিতে বাড়ছে।
জেলা প্রশাসক মো. শেখ রাসেল হাসান বুধবার বিকেলে জানিয়েছেন, জেলার ১৩ উপজেলার ৯১টি ইউনিয়নের ১ হাজার ১৬০টি গ্রামের ৬ লাখ ৪৯ হাজার ৩৭৮ জন মানুষ বন্যা কবলিত আছেন। জেলার ৬৪৬টি আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত ৮ হাজার ৮২৮ জন মানুষ আশ্রয়ে আছেন।
জেলা প্রশাসনসূত্র ও পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুসারে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সুরমা ও কুশিয়ারা নদীর ৬টি পয়েন্টের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরমধ্যে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টের পানি বিপৎসীমার ১১৬ সেন্টিমিটার এবং সিলেট পয়েন্টের পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারার পানি অমলসিদ পয়েন্টে ১৪২ সেন্টিমিটার, এ নদীর শেওলা, ফেঞ্চুগঞ্জ ও শেরপুর পয়েন্টে পানি ৪৩, ৯৯ ও ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ সজীব হোসাইন জানিয়েছেন, সিলেটে গত ২৪ ঘন্টায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
জৈন্তা বার্তা / টিটু




