ছবি: সংগৃহীত
সিলেট জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নেমে আসছে উজানের ঢলও। সর্বশেষ তথ্যানুসারে সিলেট জেলার নদ-নদীগুলোর পানি ৬টি পয়েন্টে বিপদৎসীমা ছাড়িয়েছে। জেলার ১ হাজার ১৬০টি গ্রামের ৬ লক্ষ ১৭ হাজার ৭৯৩ জন মানুষ বন্যাকবলিত হয়েছেন। বৃহস্পতিবার ৯ হাজার ২৩৪ জন মানুষ আশ্রয়কেন্দ্রে ছিলেন।
এবার প্রায় এক মাসের মধ্যে তিনবার বন্যা কবলিত হয়েছে সিলেট। একের পর এক বন্যায় বেকায়দায় পড়েছেন জেলার প্রায় সব উপজেলার মানুষ। গ্রামে গ্রামে লাখো মানুষের ঘরবাড়ি, মালামাল, রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে দোকানপাটের মালামাল। সংশ্লিষ্টদের তথ্যানুসারে বন্যায় সিলেটে ৩ থেকে ৪শ কোটি টাকার ক্ষতি হয়েছে।
চলমান তৃতীয় দফার বন্যায় সর্বশেষ তথ্যানুসারে সিলেট জেলার শুধুমাত্র সিলেট মহানগর এলাকার পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে আছে। কিন্তু ১ম দফা ও ২য় দফায় চরমভাবে ক্ষতিগ্রস্ত উপজেলাসমূহ পুনরায় বন্যা কবলিত হয়েছে।
জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্যানুসারে সিলেট জেলায় অব্যাহতভাবে ভারী বৃষ্টি হচ্ছে। উজান থেকে নেমে আসছে পাহাড়ি ঢল। এ কারণে জেলার অভ্যন্তরীণ নদ-নদীগুলোতে পানি ৬টি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টির কারণেও বন্যার পানি বাড়ছে।
গত কয়েকদিন ধরে প্রতিবেশি দেশ ভারতের মেঘালয়- চেরাপুঞ্জিতেও অস্বাভাবিকভাবে বৃষ্টি হচ্ছে। এর চাপ পড়েছে সিলেটে। অস্বাভাবিকভাবে আসছে পাহাড়ি ঢল। সিলেটের সীমান্তবতর্ী উপজেলাগুলোতে সরেজমিন দেখা গেছে পাহাড়িঢল থামছেই না। বৃষ্টিপাত আর উজানের অস্বাভাবিক ঢলে সীমান্তবতর্ী উপজেলাবাসীর অবস্থা নাজেহাল। তারা এখন আবারও নিরাপদ আশ্রয়ে ছুটছেন। অনেকেই সরকারি আশ্রয়কেন্দ্রে উঠলেও কেউ কেউ শহরাঞ্চলে নিজেদের আত্মীয়-স্বজনদের বাসায় আশ্রয় নিচ্ছেন।
সিলেট জেলা প্রশাসন থেকে প্রাপ্ত বন্যা পরিস্থিতির দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে বর্তমানে জেলার প্রায় সবকটি এলাকা পুনরায় বন্যার কবলে পড়েছে। সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে থাকলেও সিলেট সদরসহ ১৩টি উপজেলার ১ হাজার ১৬০টি গ্রামে ৬ লাখ ১৭ হাজার ৭৯৩ জন মানুষ বর্তমানে বন্যা কবলিত আছেন। জেলার নদ-নদীগুলোতে পানি ৬টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা প্রশাসক মো. শেখ রাসেল হাসান জানিয়েছেন, জেলার ১৩ উপজেলার ৯৬টি ইউনিয়নের ১ হাজার ১৬০টি গ্রামের ৬ লাখ ১৭ হাজার ৭৯৩ জন মানুষ বন্যা কবলিত আছেন। জেলার ৬৪৯টি আশ্রয়কেন্দ্রে এখন ৯ হাজার ২৩৪ জন মানুষ আশ্রয়ে আছেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত সুরমা ও কুশিয়ারা নদীর পানি ৬টি পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরমধ্যে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টের পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার এবং সিলেট পয়েন্টের পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারার পানি আমলসিদ পয়েন্টে ১৫৬ সেন্টিমিটার, এ নদীর শেওলা, ফেঞ্চুগঞ্জ ও শেরপুর পয়েন্টে পানি ৪৭ সেন্টিমিটার, ১০২ সেন্টিমিটার ও ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ সজীব হোসাইন বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছেন, সিলেটে গত ২৪ ঘন্টায় ১৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ২৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
অন্যদিকে ভারতীয় আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়েছে ৬৪ মিলিমিটার।
জৈন্তা বার্তা / টিটু




