ছবি : নিজস্ব
১৩টি মামলায় দণ্ডপ্রাপ্ত এবং ৩০টি মামলায় পরোয়ানাভুক্ত আসামি সিলেট নগরীর জিন্দাবাজারের কাজী ইলিয়াস এলাকার ২৭ নং পলাশী বড় ভুঁইয়া টাওয়ারের বাসিন্দা ডা. রাহিদ নজরুল ইসলাম বড় ভুঁইয়াকে (৫১) স্ত্রীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার স্ত্রী নূরজাহান মুনতাশাও (৪৬) একটি মামলার পলাতক আসামি।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করে। দীর্ঘ ৮ বছরেরও বেশি সময়কাল ধরে ডা. রাহিদ স্ত্রীসহ দেশের বিভিন্নস্থানে পালিয়ে ছিল।
পুলিশসূত্র জানিয়েছে, সিলেট নগরীর জিন্দাবাজারের কাজী ইলিয়াস এলাকার বড় ভুঁইয়া টাওয়ারে ফ্ল্যাট ও স্পেস বিক্রির কথা বলে তারা মানুষের সাথে প্রতারণা করে। আরও বিভিন্নরকম ব্যবসা-বাণিজ্যের কথা বলে মানুষের কাছ থেকে অন্তত ৪০ কোটি টাকা আত্মসাত করেছেন।
শুক্রবার বিকেলে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জৈন্তাবার্তাকে জানিয়েছেন, তার প্রত্যক্ষ নির্দেশনায় এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিনের তত্ত্বাবধানে এসআই অজয় শংকরের নেতৃত্বে কোতোয়ালি পুলিশের একটি দল তাদেরকে গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, আসামিগণ দীর্ঘ ৮ বছরেরও সময়কাল ধরে চট্টগ্রামের সাতকানিয়া, খুলশি, পাঁচলাইশসহ অন্যান্য এলাকায় পালিয়ে ছিলেন।
জৈন্তাবার্তা/মোহিদ/মনোয়ার




