ছবি : নিজস্ব
সিলেট বোর্ডে বন্যায় স্থগিত হওয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সুশৃঙ্খল শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৯ জুলাই ) সকাল দশটায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা দিতে উপজেলার দুইটি কেন্দ্রে ও দুইটি ভেনুতে ১০১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। উপজেলার পাঁছটি কলেজ ও ৫ টি স্কুল এন্ড কলেজের সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০২৮ জন। এর মধ্যে প্রথম পরীক্ষায় অনুপস্থিত ছিলেন, ১৮ জন পরীক্ষার্থী।
শিক্ষার্থীদের কেন্দ্রে আসতে ও প্রবেশে যাতে বিঘ্ন না ঘটে এবং নিরাপত্তা বিবেচনায় কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।এছাড়া বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মোঃ তৌহিদুল ইসলাম।
তোয়াকুল কলেজের যুক্তি বিদ্যার প্রভাষক ছমির উদ্দিন বলেন,পরীক্ষা কেন্দ্রে যেতে যোগাযোগ ব্যবস্থার জন্য ছাত্র-ছাত্রীরা ঝুকিতে ছিল। অনেক পরীক্ষার্থী উপজেলা সদরের রুম ভাড়া নিয়েছে।অনেকে আবার সকাল আটটার বদলে সকাল সাতটায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য রওনা দিয়েছে।তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থা সংকটাপূর্ণ হওয়ায় পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় বাড়তি অর্থ ব্যয় হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমা কান্ত দে জানান,শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।মোট পরীক্ষার্থীদের মধ্যে ১৮ জন অনুপস্থিত ছিলেন। তাদের মধ্যে অনেকে সরকারি চাকরিতে ও অনেকে বিদেশ চলে গেছে।তিনি বলেন বন্যা ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে আমাদের যে শঙ্কা ছিল,উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে,যোগাযোগের জন্য নৌকা,টমটম গাড়ি ও সিএনজি বিভিন্ন সংকটাপন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য প্রস্তুত রাখা ছিল।বন্যার পানি কমায় তারা নির্বিঘ্নে পরীক্ষার কেন্দ্রে আসতে পেরেছে, কোন অসুবিধা হয়নি।
জৈন্তাবার্তা / জারা




