ছবি : নিজস্ব
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে মেম্বারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্ধ দেয়ার কথা বলে দরিদ্র অসহায় মহিলার ভিক্ষার অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মীরশংকর গ্রামের নিছমারুণ গত ৭ জুলাই মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে ইউপি সদস্য আজাদ মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগটি করেন। যার অনুলিপি উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেয়া হয়েছে।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, ইউপি সদস্য আজাদ মিয়া ভূকশিমইল ইউনিয়নের মীরশংকর গ্রামের অছির আলী স্ত্রী নিছমারুনের কাছ থেকে উত্তর কৌলা গ্রামে নির্মিত প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্ধ দেয়ার জন্য ৪৫ হাজার টাকা দাবি করেন। নিছমারুনের স্বামীর ভিক্ষা করে জমানো টাকা থেকে ৩৫ হাজার টাকা তুলে দেন মেম্বার আজাদ মিয়ার হাতে।
বাকি ১০ হাজার টাকা ২ মাস পর পরিশোধ করার কথা। সেই টাকা পেয়ে মেম্বার আজাদ ২৩ নং ঘরের চাবি তুলে দেন নিছমারুনের হাতে। এদিকে নিছমারুনের ভাইয়ের অসুস্থতার কারণে তিনি ঘরে তালা দিয়ে তাকে দেখতে যান। ফিরে এসে দেখেন তার ঘরের তালা ভেঙে ছালই বেগম নামক এক মহিলা বসবাস করছেন। তিনি বিষয়টি নিয়ে আজাদ মেম্বারের সাথে যোগাযোগ করলে তিনি আরও ২০ হাজার দিলে আরেকটি ঘর তাকে দিবে। এদিকে ঘরের তালা ভেঙে ছালই বেগমকে ঘরটি দেয়ার সময় ঘরে থাকা নিছমারুণ ও তার স্বামীর ভিক্ষা করে জমানো ১১ হাজার ৩শত টাকা একটি বাক্সে রাখা ছিলো। সেই বাক্সটি ভেঙে টাকাগুলো যারা ঘরের তালা ভেঙেছে তারাই নিয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন। নিছমারুণের লিখিত অভিযোগের ব্যাপারে কৌলা আশ্রয়ণ প্রকল্পে গেলে ২৩ নং ঘরটি ছালই বেগমের দখলে এবং ঘরে ছালই বেগমের মেয়েকে পাওয়া যায়।
অভিযুক্ত মেম্বার আজাদ মিয়া তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, গত নির্বাচনে আমার সাথে প্রতিদ্বন্ধি প্রার্থীরা ষড়যন্ত্র করে এই মহিলাকে দিয়ে অভিযোগ করিয়েছে। আমি ওই মহিলাকে চিনিনা। অভিযোগ যদি তদন্তক্রমে সত্য প্রমাণিত হয় তাহলে যেকোন শাস্তি আমি মাথা পেতে নিবো।
কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহিম মিঠু জানান, অভিযোগের ব্যাপারে কিছু জানি না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন বলেন, অভিযোগের একটি অনুলিপি পেয়েছি। সহকারী কমিশনার (ভূমি) অভিযোগটি সরেজমিনে তদন্ত করবেন। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জৈন্তাবার্তা/ মনোয়ার




