ছবি: নিজস্ব
সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, শিক্ষাক্ষেত্রে সিলেট এখন পিছিয়ে পড়ছে। আগে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান, জ্যেষ্ঠ কর্মকর্তা সিলেটের ছিলেন। বর্তমানে এ সংখ্যা উদ্বেগজনকভাবে কমেছে। তাই নতুন প্রজন্মকে মেধাবী ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।
মেয়র বলেন, সিলেট শিক্ষা বোর্ডের নবনির্বাচিত নেতৃবৃন্দ সিলেট শিক্ষা বোর্ডকে অধিকতর স্বচ্ছ ও জবাবদিহিতামূলক দপ্তর হিসেবে প্রতিষ্ঠার মধ্যদিয়ে মান সম্পন্ন শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কেননা সিলেট বিভাগের শিক্ষার বিস্তারে সিলেট শিক্ষা বোর্ডের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার।
প্রফেসর ড. রমা বিজয় সরকার বলেন, প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ ও সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে আমাদের স্ব স্ব ক্ষেত্রে কাজ করতে হবে। সিলেট শিক্ষা বোর্ডের সেবার মান বৃদ্ধি ও সেবা প্রদানে সহজীকরণ করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোর্ডের সচিব জনাব চৌধুরী মামুন আকবর, সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির। স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন।
অনুষ্ঠানের প্রথম পর্বে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথগ্রহণ পাঠ করান সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়ীজ ইউনিয়ন নির্বাচন ২০২৩-২৪ এর প্রধান নির্বাচন কমিশনার ও বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম।
নবকমিটির অভিষিক্ত নেতৃবৃন্দ হলেন সভাপতি নিরঞ্জন সিংহ, সহ-সভাপতি সব্যসাচী রায়, সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক প্রেমেন্দ্র কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাদির সরকার, অর্থ বিষয়ক সম্পাদক রমাপদ সেন, প্রচার ও সাহিত্য সম্পাদক মো. আজগর আলী কাজী এবং দপ্তর সম্পাদক খোদেজা খাতুন।
জৈন্তা বার্তা / টিটু




