ছবি: সংগৃহীত
সিলেটের জকিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের বিরুদ্ধে জন্ম নিবন্ধন সেবা প্রত্যাশীদের হয়রানির অভিযোগ উঠেছে। সরকার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেবাখাতে নাগরিকদের জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক করায় লোকজন প্রতিদিনই সেবা পেতে ইউনিয়ন পরিষদে ভিড় করছে। এজন্য ইউনিয়ন পরিষদ গুলোয় সেবা প্রত্যাশীরা জন্ম নিবন্ধন সনদে নানান ভুল সংশোধনের আবেদন করে হয়রানির শিকার বলে জানিয়েছেন।
জানা যায়, উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাচারচক গ্রামের মৃত সখই মিয়া ও এখলাই বিবি দম্পতির ছেলে মোঃ ফরিদ উদ্দিন নিজের জন্ম নিবন্ধন সনদ ডিজিটাল করতে গিয়ে হয়রানির শিকার হয়ছেন।
দিনমজুর ফরিদ উদ্দিন সন্তানের জন্ম নিবন্ধন করতে পিতা-মাতার বাংলা ও ইংরেজি জন্ম সনদ প্রয়োজন। তাই নিজের জন্ম সনদ ইংরেজি করার জন্য সুলতানপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক রুহেল আহমদকে ২ শত টাকা ফি দিয়ে সংশোধনের আবেদন করেন। প্রথম বার পিতার নামের জায়গায় মায়ের নাম লিখে দেন। এভাবে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ভুলের জন্য তিন বারের ৬'শ টাকা দিতে হয়েছে থাকে। এরপর জন্ম নিবন্ধন সংশোধন না হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়।
মোঃ ফরিদ উদ্দিন সুলতানপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি প্রথমে বুঝতে পারিনি তাদের পরিকল্পনা একাধিক বার আমার কাছ থেকে কৌশলে একটি জন্ম নিবন্ধন সনদের জন্য ৬'শ টাকা আদায় করার পর বুঝতে পারলাম পরিকল্পিত ভাবে তারা মানুষকে এভাবে হয়নি করে যাচ্ছে।
একই এলাকার বাসিন্দা কাদির আহমদের স্ত্রী জাসমিন বেগম বলেন, দীর্ঘদিন ধরে জন্ম নিবন্ধনে ভুলের কারণে মেয়েকে স্কুলে ভর্তি করতে পারছি না। বাচ্চা স্কুলে গেলেই শিক্ষকরা জন্ম নিবন্ধন এর তাগিদ দিচ্ছেন। এদিকে সংশোধিত জন্ম নিবন্ধন না থাকার কারণে উপবৃত্তি থেকে বঞ্চিত রয়েছে মেয়েটি। সংশোধনের জন্য আবেদন করলে আবারও ভুল করে দেওয়া হয়েছে।
এদিকে কলেজ পড়ুয়া চলমান এইচএসসি পরীক্ষার্থী এক মেয়ের মায়ের অভিযোগ জন্ম নিবন্ধনে নাম সংশোধনের আবেদনের জন্য নিয়ে আসলে পরিবর্তন করে দেওয়া হয় বয়স। আবার বয়স সংশোধনের জন্য আবেদন করলে লিঙ্গ পরিবর্তন করে মেয়েকে বানিয়ে দেওয়া হয় পুরুষ। এসময় ক্ষোভ প্রকাশ করে পুনরায় আবেদন করেছেন বলে জানিয়েছেন। কিন্তু এখনো সংশোধন হয়নি।
একই অভিযোগ জকিগঞ্জ সদর ইউনিয়নের হাইল ইসলামপুর গ্রামের আওয়ামীলীগ নেতা মহি উদ্দিনের। তিনি বলেন, মেয়ের জন্ম নিবন্ধন সনদে নাম সংশোধন করতে না পেরে অবশেষে ভুল নামেই রেজিষ্ট্রেশন করতে বাধ্য হই।
ফরিদ উদ্দিনসহ ভুক্তভোগীরা হয়রানি বন্ধ ও সরকারি নিয়মিত অনুযায়ী সেবা প্রদানের দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
অভিযোগের ব্যাপারে একাধিক বার সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ চেষ্টায় ব্যর্থ হয়ে ইউনিয়ন পরিষদের গিয়ে পাওয়া যায়নি।
এ সময় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক রুহেল আহমদ বলেন জন্ম নিবন্ধনে লিঙ্গসহ বিভিন্ন ভুল তথ্য অনলাইনে রয়েছে। জন্ম নিবন্ধন যখন প্রথম অনলাইন করা হয় তখন কে বা কারা এসব ভুল তথ্য অনলাইনে দিয়েছে আমার জানা নেই। ফরিদ উদ্দিনের জন্ম নিবন্ধন পুনরায় সংশোধন করা হয়েছে তিনি চাইলে নিয়ে যেতে পারেন। কখনো ইচ্ছাকৃতভাবে কাউকে হয়রানি করা হয়নি। চেয়ারম্যান মহোদয় সবসময় নির্ভুলভাবে সেবা প্রদানের লক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন এবং আমরাও নির্ভুল সেবা প্রদানে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম বলেন, এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখব।
জৈন্তাবার্তা/ মনোয়ার




