ছবি : নিজস্ব
বালাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে বালাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক।
বালাগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, মৎস্য উৎপাদনে বাংলাদেশ এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এ গৌরব অর্জন সম্ভব হয়েছে আমাদের মৎস্য চাষে সম্পৃক্ত ভাই ও বোনদের কারণে। তাদের পরিশ্রমের ফলেই আমাদের আজকের এই অবস্থান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য চাষীদের বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় এনেছেন। যার সুফল ভোগ করছি আমরা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মো. আলাল মিয়া, সাংবাদিক জাগির হোসেন ও তারেক আহমদ৷ এসময় উপজেলার বিভিন্ন স্থরের জনসাধারণ ও মৎস্যচাষীগণ উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা/ মনোয়ার




