ছবি: সংগৃহীত
সিলেটে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বুধবার সিলেট নগরীর সুবিদবাজারে এ ঘটনা ঘটে। এ সময় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড মেরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে পুলিশ। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়েন।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে সকাল ১১টায় সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় গেটে জড়ো হন আন্দোলনকারীরা। বেলা সাড়ে ১১ টায় আন্দোলনকারীদের বিশ্ববিদ্যালয় গেট থেকে সরিয়ে দেয় পুলিশ। এ সময় তারা মিছিল নিয়ে নগরের কোর্ট পয়েন্টের দিকে রওয়ানা দেন। মিছিল থেকে পুলিশ ও বিজিবিকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ শ্লোগান দিতে শোনা যায়।
নগরের সুবিদ বাজারে মিছিলটি আসার পর তাদের বাধা দেয় পুলিশ। মিছিলকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। এসময় আন্দোলনকারীরাও ইট পাটকেল ছুড়ে। একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
জৈন্তা বার্তা / টিটু




