ছবি: নিজস্ব
সিলেটে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পাঁচ পুলিশ সদস্যসহ আহত ২০
জৈন্তাবার্তা প্রতিবেদন
সিলেট নগরীর চৌহাট্টা ও জিন্দাবাজারে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পঁাচ পুলিশসদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
৯ দফা দাবিতে চৌহাট্টায় বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য সিলেটের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার বেলা ১টা থেকে চৌহাট্টায় জড়ো হতে থাকেন। বিকেল ৫টায় চৌহাট্টায় আন্দোলনকারীদের একটি খন্ডমিছিল থেকে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ পাল্টা গুলি, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এক ঘণ্টা সংঘর্ষের পর ছাত্র-জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ৫ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে ৪ জনকে। এর আগে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চৌহাট্টায় সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।
বেলা ২টায় বিপুল সংখ্যক ছাত্র-জনতা চৌহাট্টায় একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় তারা সরকারবিরোধী নানা স্লোগান দেন। বিক্ষোভে যোগ দেন শিক্ষার্থীদের অনেক অভিভাবকও। তারা শিক্ষার্থীদের পানি, জুস ও বিস্কিটও খাওয়ান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে চৌহাট্টা, আম্বরখানা, জিন্দাবাজার ও বন্দরবাজারে অতিরিক্ত পুলিশে মোতায়েন করা ছিলো। তবে পুলিশ শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দেয়নি। এ সময় বন্দরবাজার-আম্বরখানা ও রিকাবীবাজার-নয়াসড়ক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন পথচারীরা।
বিকেল ৫টায় আম্বরখানার দিক থেকে শতাধিক যুবক-তরুণের একটি বিক্ষোভ মিছিল চৌহাট্টা পয়েন্টে এসেই পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। জবাবে পুলিশ তাদের দিকে গুলি, টিয়ার সেল ও সাইন্ড গ্রেনেড নিক্ষেপ করতে থাকে। এ সময় তাদের সঙ্গে পুলিশের ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। আহত হন পঁাচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন। সন্ধ্যা ৬টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ রিপোর্ট সময় জিন্দাবাজার ও চৌহাট্টার পরিস্থিতি থমথমে ছিল।
সংঘর্ষের সময় ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
জৈন্তা বার্তা / টিটু




