ছবি: সংগৃহীত
দেশের উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে কারফিউ তোলে নেয়া হয়েছে। কারফিউ তোলে নেয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে সিলেটের পরিবেশ। তবে কোটা আন্দোলন ঘিরে কয়েকদিনের সহিংসতায় সর্বত্র এখনো চাপা আতঙ্ক বিরাজ করছে। সোমবার (৫ আগষ্ট) নগরীর হামলা ভাঙচুর ও আগুনের ঘটনায় মানুষের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (৬ আগষ্ট) সরেজমিনে নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার, চৌহাট্টা, বন্দরবাজার, তালতলা ঘুরে দেখা গেছে, এসব এলাকায় অধিকাংশ মার্কেট ও বিপনি বিতান বন্ধ রয়েছে। কিছু কিছু বিপনি বিতানের বেশির ভাগ ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান খুলেনি।
সড়কগুলোতে সিএনজি চালিত অটোরিকশা সহ ছোট বড় প্রায় সব ধরণের গাড়ি চলাচল করছে। সড়কে আছে প্রাইভেট যানবাহনও। তবে মানুষের আনাগোনা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম।
এদিকে, নগর জুড়ে এখনো রয়ে গেছে ধ্বংসযজ্ঞের চিহ্ন। নাকে আসছে আগুনে পোড়ার গন্ধ। যা ঘটানো হয়েছিলো সোমবার (৫ আগস্ট) বিকেল থেকে রাতঅব্দি। শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার খবরের পরপরই সিলেটে সরকারি অফিস, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাসা-বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়।
এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন, কোতোয়ালী থানা ও পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত সিলেটে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, বিক্ষোভকারীদের হামলা-ভাঙচুর থেকে বিরত থাকা আহবান জানিয়ে সন্ধ্যার পর থেকে সিলেটের প্রায় সব মসজিদে মাইকিং করা হয়। এতে বলা হচ্ছে-হিন্দু-মুসলিম সবাই ভাই ভাই। কেউ যাতে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর না করেন।
এছাড়া সন্তানদের বাসা-বাড়িতে রাখতে মা-বাবাদের প্রতি অনুরোধ জানানো হয়। একই অনুরোধ জানিয়ে জেলা ও মাহনগর বিএনপির পক্ষ থেকেও মাইকিং করেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ নেতৃবৃন্দ।
জৈন্তাবার্তা / জারা




