ছবি: সংগৃহীত
সিলেটের বিশ্বনাথে এক প্রবাসীর বাড়িতে হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) রাতে উপজেলার রামধানা গ্রামের কানাডা প্রবাসী বেলাল আহমদ ইমরানের বাড়িয়ে সন্ত্রাসীরা এ হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের মধ্যদিয়ে দেশে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে একদল লোক উপজেলার রামধানা গ্রামের বেলাল আহমদ ইমরানের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের দরজা-জানালায় ইটপাটকেল নিক্ষেপ এবং বাড়ির আঙ্গিনায় থাকা জিনিসপত্র ভাঙচুর করে। এসময় তারা বেলালের নাম ধরে গালাগালিও করতে থাকে। তবে কিছুক্ষণ পর তারা সেখান থেকে ফিরে যায়।
হামলার সময় বাড়িতে থাকা বেলাল আহমদের বৃদ্ধ বাবা-মা জানান, রাতে হঠাৎ করে কয়েকজন লোক বাড়িতে এসে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে। এসময় তারা বেলালের নাম নিয়ে অকথ্য ভাষায় গালাগালিও করে। তারা জানান, বেলাল অনেকদিন ধরে বাড়িতে নেই। তার স্ত্রী-সন্তানও বাড়িতে থাকেন না।
এব্যাপারে বিশ্বনাথ থানায় যোগাযোগের চেষ্টা করা হলেও সেখানে পুলিশের কেউ উপস্থিত না থাকায় কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।
বিশ্বনাথ প্রতিনিধি




