ছবি : নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাঠে মাঠে চলতি মৌসুমের আমন রোপনের ধূম পড়েছে। কৃষকরা মনের আনন্দে গুনগুন গানে কৃষির বিভিন্ন কর্মযজ্ঞে ব্যস্ত সময় পার করছেন। বন্যার পানি শুকিয়ে গেছে মাস খানেক আগে। পরবর্তী বন্যার আশঙ্কা কম থাকায় কৃষকরা আমন আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন। আবহাওয়া অনুকুলে থাকায় এবার আমনের বীজতলাও অনেক ভালো হয়েছে। অপরদিকে উপজেলা কৃষি অধিদপ্তর থেকে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার পাওয়ায় কৃষকরা তা সঠিক ব্যবহার করেছেন। ফলে কৃষকরা আমনের চারা সংকটে পড়বেন না বলে উপজেলা কৃষি অফিস জানিয়েছে।
বন্যার পানি শুকিয়ে বৃষ্টির পানিতে জমি ভেজার পরেই আমন ধান চাষে ব্যস্ত হয়ে পড়েছেন এ উপজেলার কৃষকরা। চলতি মৌসুমে ১৭ হাজার ৮৩৩ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায়, কয়েক দিনের হালকা বৃষ্টির পানি পেয়ে জমিতে পানি জমা করা হয়েছে। নতুন করে বন্যার পানি না আসায় কৃষক ব্যস্ত হয়ে উঠেন জমি তৈরিতে। ডিএপি, পটাশ ও ইউরিয়া সার ছিটিয়ে জমি তৈরি করছেন তারা। আমন ধানের বীজতলা থেকে কৃষকরা চারা তুলছেন এবং তা জমিতে রোপন করছেন। কৃষক আলমগীর বলেন, বর্ষার অপেক্ষায় ছিলাম। বন্যা পানির আগে ধানের চারা লাগালে পানি আসলে তলিয়ে যাবে। ফলে কয়েক দিন দেরি করে ধানের চারা লাগালাম। আপাতত বন্যার পানির ভয় কম। এবার আমি আড়াই বিঘা জমিতে আমন ধানের আবাদ করছি। কৃষক গোলাম রব্বানী বলেন, এ এলাকাটি নিচু। তাই বন্যার পানি না থাকায় তারাতারি জমিতে ধানের চারা লাগিয়েছি। তবে ডিজেলের দাম বৃদ্ধি হওয়ায় হতাশায় আছি। আমি এবার এক একরের উপর জমিতে ধান চাষ করছি।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা যায়,আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৮৩৩ হেক্টর।বীজলার তলার লক্ষ্য মাত্রা ছিল ৯৪২ হেক্টর, অর্জিত হয়েছে বেশি। আবাদকৃত জাতের ধান হচ্ছে দীর্ঘমেয়াদী উফসী জাতের বি-আর১১, ব্রি-ধান ৩২,৪৯,৫১ ও ৫২। স্বল্পমেয়াদী ৭৫,৮৭,৯৪,৯৫ ও বিনা ৭,১৭,২৩,১১।
নতুন করে কোন বন্যা না হলে সঠিক সময়ে কৃষক তার ফসল ঘরে তুলতে পারবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে কৃষকের খরচ বেশি হলেও ধানের দামও বেশি পাবেন কৃষকরা।
জৈন্তাবার্তা / জারা




