ছবি: নিজস্ব
চলতি মৌসুমে জৈন্তাপুর উপজেলায় আবহাওয়া অনুকূলে থাকায় পুরো উপজেলা জুড়ে বিরামহীনভাবে চলছে আমনের আবাদ। মৌসুমের শুরুতে জুনমাস জুড়ে তিনদফা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যার রেশ কাটিয়ে জুলাই মাসের প্রথম থেকে কাঙ্ক্ষিত বৃষ্টিপাত হওয়ায় চলতি দেড়মাসে অর্থাৎ আগষ্টের মাঝামাঝি সময় পর্যন্ত উপজেলায় ৫২% আমনের আবাদ সম্পন্ন করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জৈন্তাপুর উপজেলার দেয়া তথ্য অনুযায়ী আগামী এক মাসের ভিতরে বাকি জমিগুলোতে আমনের আবাদ সম্পন্ন হয়ে যাবে আশাবাদী। সম্প্রতি সময়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষি জমিগুলো গিয়ে দেখা মেলে জমিতে ট্রাক্টর দিয়ে চাষ ও মই দেয়ার পাশাপাশি বীজতলা থেকে বিভিন্ন প্রজাতির ধানবীজ তুলে রোপন কাজে ব্যাস্ত সময় পার করছেন চাষীরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জৈন্তাপুরের দেয়া তথ্য অনুযায়ী চলতি মৌসুমে উচ্চ ফলনশীল জাতের ধান আট হাজার আটশত নব্বই হেক্টর জমিতে চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। সেই সাথে দুই হাজার দুইশত আশি হেক্টর জমিতে স্হানীয় প্রজাতি এবং ২৫ হেক্টর জমিতে হাইব্রিড জাতের ধান চাষ করার লক্ষমাত্রা ধরা হয়েছে। সেই হিসাব অনুযায়ী চলতি মৌসুমে পুরো উপজেলায় এগারো হাজার একশত পঁচানব্বই হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পুরো উপজেলায় চলতি আমন মৌসুমে একশত চল্লিশ জন কৃষকের মাঝে আমনধানের প্রদর্শনী দেয়া হয়েছে। পাশাপাশি চৌদ্দশত্রিশ জন কৃষককে প্রনোদনার আওতায় সার,বীজ ও কীটনাশক সরবরাহ করা হয়েছে।
এ বছর পুরো উপজেলায় আবাদকৃত উচ্চ ফলনশীল জাতের ধানের মধ্যে যে জাতগুলো আবাদ করা হয়েছে তার মধ্যে অন্যতম ব্রী ধান ৯৩,৯৫,৮৭,৯০,১০৩,৭৫,৩২,৫১,৫২ বীনা ২১,২২ ( বন্যা সহনশীল) জাতের ধান আবাদ করা হয়েছে।
পাশাপাশি হাইব্রিড প্রজাতির -৬ ও স্হানীয় প্রজাতির মধ্যে রয়েছে আয়নামিয়া,চিনিগুড়া,কালোজিরা ও বিরইন অন্যতম।
চলতি মৌসুমে উপজেলায় আমনের আবাদ নিয়ে আলাপকালে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জৈন্তাপুর থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক পর্যায়ে আমনধান প্রদর্শনীর পাশাপাশি প্রণোদনার আওতায় কৃষক পর্যায়ে সার,বীজ কীটনাশক সরবরাহ করা হয়েছে। সেই সাথে মাঠ পর্যায়ে কৃষকদের কৃষি পরামর্শ প্রদান ও তদারকিতে উপ সহকারী কৃষি কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি বলেন চলতি মৌসুমে আবহাওয়া অনুকূল ও অকালে পাহাড়ি ঢল না নামলে উপজেলায় আমন ফসলের কাঙ্খিত লক্ষমাত্রা অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেছেন।
জৈন্তাবার্তা / জারা




