ইউপি চেয়ারম্যানদের অনুপস্থিতিতে সেবাপ্রাপ্তিতে জনভোগান্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে আত্মগোপনে থেকে দাপ্তরিক কাজ

ইউপি চেয়ারম্যানদের অনুপস্থিতিতে সেবাপ্রাপ্তিতে জনভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/১১/২০২৪ ১২:৫০:০৯ অপরাহ্ন

ইউপি চেয়ারম্যানদের অনুপস্থিতিতে সেবাপ্রাপ্তিতে জনভোগান্তি

ছবি : ফাইল ফটো


বৈষম্যবিরোধী আন্দোলনে সরকারপতনের পর থেকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আওয়ামী লীগের পদবিধারী ইউপি চেয়ারম্যান ও সদস্যরা কর্মস্থলে অনুপস্থিত। তবে, কেউ কেউ আত্মগোপনে থেকেও সচিবদের সঙ্গে যোগসাজসে দাপ্তরিক কাজকর্ম করছেন। এর ফলে জনগণ কিছুটা সেবা পেলেও ভোগান্তির পাশাপাশি সময় ক্ষেপণ হচ্ছে। 

দোয়ারাবাজার উপজেলার নয়টি ইউনিয়নের ৮টিতে গত নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা নির্বাচিত হন। দোয়ারাবাজার, বোগলাবাজার, পান্ডারগাঁও, নরসিংপুর ও সুরমা ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হন। দোহালিয়া, বাংলাবাজার ও লক্ষীপুর ইউনিয়নেও নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী তিন নেতা। মান্নারগাঁও ইউনিয়নে নির্বাচিত হয়েছেন সাবেক এক বিএনপি নেতা। 

নির্বাচিতদের অধিকাংশ ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের পদধারী। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তারা। পরিবর্তিত পরিস্থিতিতে প্রথমদিকে ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতার উপস্থিতি কম হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে সরব হয়ে উঠে। চেয়ারম্যানরা গা-ঢাকা দিলেও কৌশলে তারা দাপ্তরিক কাজ চালিয়ে আসছিলেন। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অনেকের বিরুদ্ধে মামলা হওয়ায় এখন তারা পালিয়ে বেড়াচ্ছেন। 

মামলা দায়েরের পর বাংলাবাজার ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক শেখ আবুল হোসাইন, নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর উদ্দিন আহমদসহ উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতারা পালাতক রয়েছেন। তবে ইউপি সচিবরা নিয়মিত অফিস করছেন। এলাকায় থেকেও গ্রেপ্তারের ভয়ে পরিষদে ঢুকতে না পেরে কোনো কোনো চেয়ারম্যান সচিবের সাথে যোগসাজশে করছেন দাপ্তরিক কাজ। ফলে পরিষদে গিয়ে কাঙ্খিত নাগরিক সেবা পেতে অন্য যে কোনো সময়ের তুলনায় অনেকটা বিলম্ব হওয়ার অভিযোগ তুলেছেন সেবা নিতে আসা মানুষজন। এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। 

এদিকে, সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ৯৯ জনকে আসামি করে দায়ের করা মামলার আসামি উপজেলার বোগলাবাজার ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিলন খাঁন ৫ আগস্টের পর থেকে পলাতক থাকায় বন্ধ হয়ে পড়েছে ওই ইউনিয়ন পরিষদের কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। বাংলাবাজার ও নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেল হাজতে থাকায় প্যানেল চেয়ারম্যান দিয়ে চলছে এই দুই ইউনিয়ন পরিষদের কার্যক্রম। তবে বাংলাবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু হানিফকে নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বাধা প্রদানের অভিযোগে তাকে অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার ছাত্র সমাজ। 

অন্যদিকে, দোহালিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক শামীমুল ইসলাম শামীম কয়েকদিন যাবত পরিষদে আসছেন না। নৌকা প্রতীকে নির্বাচিত দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে রয়েছেন। 

লক্ষীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক জহিরুল হক ও গা-ঢাকা দিয়েছেন, তবে মাঝে মধ্যে হঠাৎ এক থেকে দেড়ঘন্টার জন্য পরিষদে আসা-যাওয়া করেন এমন তথ্য পাওয়া গেছে। তবে তিনিও দীর্ঘসময় ব্যয় করেননি পরিষদে। 

অন্যদিকে, নৌকা প্রতীকে নির্বাচিত পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা ইজ্জত আলী স্থানীয় রাজনীতির সখ্যতায় নিয়মিতই অফিস করছেন। মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী বিগত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ৪ বারের সাবেক প্রভাবশালী এমপি মুহিবুর রহমান মানিকের ছত্রছায়ায় চেয়ারম্যান নির্বাচিত হলেও চেয়ারম্যান নির্বাচন করার আগে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় বর্তমানে রাজনীতির পালাবদলেও স্থানীয় রাজনীতির সখ্যতায় নিরাপদে নিয়মিত পরিষদে বসছেন। 

এছাড়া সুরমা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হালিম বীর প্রতীক মারা যাওয়ায় উপনির্বাচনে সুরমা ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি নেতা হারুন অর রশীদ। এতে এই পরিষদে বর্তমানে নাগরিক সেবা অব্যাহত রয়েছে। 

নৌকা প্রতীকে নির্বাচিত পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহিদ জানান, তিনি নিয়মিত অফিস করছেন। আওয়ামী লীগ করলেই তো দোষী না গ্রেপ্তারের ভয়ে কেনো পালিয়ে থাকবেন। 

দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিমুল ইসলাম শামীম ও কয়েকদিন যাবত পরিষদে আসছেন না বলে সত্যতা পাওয়া গেছে। যদিও তিনি নিয়মিত দাপ্তরিক কাজ করছেন বলে দাবি করেছেন। তবে গত দু’দিন পারিবারিক কাজে এলাকার বাইরে ছিলেন বলে জানিয়েছেন।  

বোগলাবাজার ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিলন খান গত ১১ সেপ্টেম্বর থেকে পরিষদে আসছেন না। দোয়ারাবাজার ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়. গত ১৬ অক্টোবরের পর থেকে ইউনিয়ন পরিষদে আসছেন না নৌকা প্রতীকে নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নবাসী। 

চেয়ারম্যানদের অনুপস্থিতি ও জনগণের সেবা বঞ্চিত হওয়ার বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু জানান, ইউপি চেয়ারম্যানরা অফিসে আসছেন না এমন তথ্য কেউ জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

আইনশৃঙ্খলা সভায় অনুপস্থিত ৭ ইউপি চেয়ারম্যান: উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভায় উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মধ্যে মাত্র দু’জন প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বাকিরা ছিলেন অনুপস্থিত। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। তাদের অনুপস্থিতির কারণ সম্পর্কে জানতে চাইলে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে বলা হচ্ছে বিষয়টি খতিয়ে দেখা হবে। 

এ ব্যাপারে দোয়ারাবাজারর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহের নিগার তনু বলেন, ‘আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হতে চেয়ারম্যানদের অবগত করা হয়েছে। সাধারণত তারা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে কম আসেন। এছাড়া আর কোনো কারণ আছে বলে জানি না। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ: