(প্রতীকি ছবি)
বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করতে চায় কমনওয়েলথ। গতকাল নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে কমনওয়েলথের প্রতিনিধিদল তাদের এই আগ্রহের কথা জানিয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে কমনওয়েলথের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠক শেষে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, কমনওয়েলথের প্রতিনিধিরা আলাপ করতে এসেছেন। ওনারা আমাদের সহায়তা করতে আগ্রহী। আমাদের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহী। ওনাদের সঙ্গে অনেক কিছু নিয়ে মতামত আদান-প্রদান হয়েছে। ওনারা চাইছেন আমাদের দেশে একটা সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। এই আগ্রহ ও উদ্দেশ্য নিয়ে ওনারা এসেছেন। বদিউল আলম মজুমদার আরও বলেন, সংস্কার কমিশন চাইলে কমনওয়েলথ সহায়তা করবে। তারা কোনো প্রেসক্রিপশন নিয়ে বা কোনো কিছু চাপিয়ে দিতে আসেনি।
এ সময় কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল প্রতিনিধিদলের প্রধান লুইস গাব্রিয়েল ফ্রান্সেসকি সাংবাদিকদের বলেন, আমরা সব সময় কোনো দেশে আসি শিখতে, শুনতে। আমরা সংশ্লিষ্ট দেশের চাহিদা অনুযায়ী সহায়তা করে থাকি। আমরা সুপারিশ করি এবং তা বাস্তবায়নে সহায়তা করি। তিনি বলেন, আজকের বৈঠকে কমিশনের সঙ্গে আমাদের ভালো আলোচনা হয়েছে। একটি চমৎকার দল এখানে এসেছে সংস্কারের জন্য। সংস্কার বাস্তবায়ন হলে বাংলাদেশ কমনওয়েলথের জন্য হবে একটি সফল গল্প।
লুইস গাব্রিয়েল ফ্রান্সেসকি বলেন, ২ দশমিক ৭ বিলিয়ন মানুষ রয়েছে কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশে, যাদের ৬০ শতাংশ হচ্ছে ৩০ বছরের। তারা সর্বদা অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমি মনে করি, এটি একটি শিক্ষা হতে পারে। তিনি আরও বলেন, আমরা অন্য দেশ থেকে অভিজ্ঞতা নিয়ে সহায়তা করতে পারি এবং বাংলাদেশও অন্য দেশকে একইভাবে সহায়তা করতে পারে। আমি মনে করি, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনই হচ্ছে লক্ষ্য, যেখানে জনগণের মতামতের প্রতিফলন হবে।
সুনির্দিষ্ট সুপারিশ আছে কিনা-এমন প্রশ্নের জবাবে কমনওয়েলথের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বলেন, এটি আসবে সংস্কার কমিশনের কাছ থেকে। আমরা তাদের সহায়তা করতে পারি। আমরা সমস্যা সমাধানের জন্য আসিনি।
আজ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করবে ইসি কর্মকর্তারা: এদিকে আজ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময় করবেন নির্বাচন কমিশনের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। নির্বাচন কমিশনের পক্ষে ইসি’র নেতৃত্ব দেবেন সচিব শফিউল আজিম। গতকাল সংস্থাটির উপ-সচিব মো. হেলাল উদ্দিন খানের সই করা এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে। এতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বুধবার দুপুর ১টায় বৈঠকটি নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে। ইসি সচিব শফিউল আজিমের নেতৃত্বে বৈঠকে ১৫ জন কর্মকর্তা উপস্থিত থাকবেন। এ ছাড়া সংস্কার কমিশন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফের সঙ্গে বৈঠক করবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক ছাড়াও ই-মেইল, ফেসবুক পেইজ, ওয়েবসাইটের মাধ্যমেও মতামত নিচ্ছে।
জৈন্তাবার্তা / রহমান




