ছবি : সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে নারীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কিন্তু এখন অনেকেই তাদের খোঁজ রাখছেন না বলে মনে করেন এ নারীরা।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে এ অভিযোগ করেন নারীরা। আন্দোলনে নারী-পুরুষ একইসঙ্গে অংশ নিলেও রাষ্ট্র সংস্কারে তাদের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানান তারা।
দশম শ্রেণির ছাত্রী সামিয়া অংশ নেন গণঅভ্যুত্থানে। রাজধানীর চানখারপুলের এই অগ্নিকন্যা বলেন, রাষ্ট্রের প্রয়োজনে ভবিষ্যতেও একইরকমভাবে রাজপথে নামবে নারী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গণ অভ্যূত্থানে অংশ নেয়া শিক্ষার্থীরাও জানান নিজেদের অভিজ্ঞতার কথা।
ছাত্র আন্দোলনের দিনগুলোতে পেশাগত দায়বদ্ধতার জায়গা থেকে নিজ বাসার গ্যারেজে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন চিকিৎসক অর্চি। আর নানা প্রতিকূলতার মুখেও পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন গণমাধ্যমকর্মী শামীমা সুলতানা লাবু।
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতিমা বলেন, আন্দোলনে নারীদের সমান ভূমিকা থাকলেও পরবর্তীকালে তাদের অবদানের কথা কেউ মনে রাখেননি।
গণ অভ্যুত্থানের দিনগুলোতে নারীদের সরব অবস্থানের মতো গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও রাষ্ট্রের সংস্কারে নারীদের যুক্ত করার বিষয়ে জোর দেন বক্তারা।
জৈন্তাবার্তা / রহমান




