আতিফ আসলামের কনসার্ট নিয়ে আয়োজকদের দুঃখ প্রকাশ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:২০ PM

কনসার্টের প্রতিটি ক্ষেত্রে ছিল চরম অব্যবস্থাপনা- এমনটাই মত অনুষ্ঠানে যাওয়া দর্শকদের

আতিফ আসলামের কনসার্ট নিয়ে আয়োজকদের দুঃখ প্রকাশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৪ ১১:২৩:৪৫ AM

আতিফ আসলামের কনসার্ট নিয়ে আয়োজকদের দুঃখ প্রকাশ

ছবি : সংগৃহীত


বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ঢাকায় আর্মি স্টেডিয়ামে হয়ে গেল “ম্যাজিকাল নাইট ২.০” নামের কনসার্ট। স্টেডিয়ামের ভেতরে থাকা দর্শক-শ্রোতাদের তুষ্ট করতে নির্ধারিত ১ ঘণ্টা ২০ মিনিটের পরিবর্তে প্রায় ৩ ঘণ্টা পারফর্ম করেছেন পাকিস্তানি এই সংগীতশিল্পী।

তবে শুক্রবার (২৯ নভেম্বর) আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টের প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে চরম অব্যবস্থাপনা- এমনটাই মত দিয়েছেন অনুষ্ঠানে আসা দর্শকরা।

কনসার্টটির আয়োজন করে “ট্রিপল টাইম কমিউনিকেশনস”। এতে প্রধান আকর্ষণ ছিলেন পাকিস্তানের আতিফ আসলাম। এ দিনের পরিবেশনায় আরও ছিলেন বাংলাদেশের তাহসান, কাকতাল ব্যান্ড, পাকিস্তানের গায়ক আবদুল হান্নান।

সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজকদের নিয়ে অব্যবস্থাপনাসহ নানান অভিযোগ আনেন দর্শকরা। আতিফ আসলাম মঞ্চে ওঠার পর দেখা দেয় বৈদ্যুতিক গোলযোগ। এছাড়াও টিকিট কেটে ভেন্যুতে প্রবেশ করতে না পারা, ভেন্যুর ফটকে হয়রানি, ধারণক্ষমতার বাইরে দর্শকসহ নানা অভিযোগ ছিল।

কনসার্টের কারণে উত্তরা থেকে মহাখালী পর্যন্ত সড়কে ছিল তীব্র যানজট। ফলে ভোগান্তিতে পড়েন বিমানবন্দরগামী ও বিদেশফেরত যাত্রীরা। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। 

এ বিষয়ে ট্রিপল টাইম কমিউনিকেশনের আরিফা শবনম সংবাদমাধ্যম কে বলেন, “এত বড় আয়োজনে কিছু ভুলত্রুটি থাকতে পারে, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইতোমধ্যে আমরা ত্রুটিগুলোর প্রতি দৃষ্টি দিয়েছি, যাতে ভবিষ্যতে আরও দারুণ এবং স্মরণীয় কনসার্ট দর্শকদের উপহার দিতে পারি।”

জৈন্তাবার্তা / রহমান