ছবি সংগৃহীত
জার্মানিতে ক্রিসমাস মার্কেটে (বড়দিন উপলক্ষ্যে বসা বাজার) গাড়ি চালিয়ে হামলার ঘটনা ঘটেছে। দেশটির সাক্সেন-আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্গে স্থানীয় সময় শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটেছে। এ সময় ২ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন। হামলার পর জার্মান পুলিশ সৌদি আরবের নাগরিককে আটক করেছে।
পুলিশ বলছে, তিনি ২০০৬ সালে থেকে জার্মানিতে বসবাস করছিলেন। তিনি সম্প্রতি বার্নবার্গে একজন চিকিৎসক হিসেবে কাজ করেছিলেন। তার বয়স ৫০ বছর।
জার্মানির কয়েকটি গণমাধ্যমের বরাতে এএফপির খবর বলছে, সন্দেহভাজন হামলাকারীর নাম তালেব এ। তিনি মনোরোগ বিশেষজ্ঞ। রয়টার্সের খবর বলছে, এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় মাগডেবুর্গ শহরে ‘ক্রিসমাস মার্কেট’ জমজমাট হয়ে উঠেছিল। সন্ধ্যা ৭টার কিছু পরেই একজন গাড়িচালক অসংখ্য মানুষের মধ্য দিয়ে মার্কেটের ভেতরে প্রায় ৪০০ মিটার পথ গাড়ি চালিয়ে নিয়ে যান। এরপর জার্মানির নানা শহরে ‘ক্রিসমাস মার্কেটগুলো’ আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়।
পুলিশ আরও বলেছে, এই হামলাকারী জঙ্গিবাদী কি না, সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে তদন্ত চলছে।
হামলার ঘটনার পর ম্যাগডেবুর্গ পুলিশ এলাকাটি ঘেরাও করে রাখে। কারণ, পুলিশের তথ্য অনুযায়ী, ওই গাড়িতে বিস্ফোরক রয়েছে বলে সন্দেহ করা হয়েছে।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ হামলায় হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আগামীকাল রোববার ম্যাগডেবুর্গ শহরে যাবেন বলে জানিয়েছেন।
বড়দিনের আগে ইউরোপজুড়ে ছোট–বড় শহরে ‘ক্রিসমাস মার্কেট’ প্রাচীন ঐতিহ্য। বড়দিনের আগে উৎসবমুখর পরিবেশে এসব মার্কেটে হাতে তৈরি নানা সামগ্রী থেকে শুরু করে শীতকালীন বস্ত্র, কেকজাতীয় খাবার বা মিষ্টান্ন ও নানা ধরনের পানীয় পাওয়া যায়। এ ছাড়া সংগীতানুষ্ঠান হয়ে থাকে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ ডিসেম্বর বার্লিনে ‘ক্রিসমাস মার্কেটে’ তিউনিসিয়ার এক নাগরিক গাড়ি চালিয়ে হামলা করে। এ সময় ঘটনাস্থলে ১২ জন নিহত হয়েছিলেন। পরে আহত আরও একজন মারা যান। আইএস এই হামলার দায় স্বীকার করেছিল।
জৈন্তা বার্তা/আরআর




