ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১২ জন শিক্ষার্থীকে প্রায় পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার (২০ জানুয়ারি) কোষাধ্যক্ষ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
এ সময় অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুচিকিৎসার বিষয়টি তত্ত্বাবধানের জন্য একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি আন্দোলনে আহত ছাত্র-ছাত্রীদের নামের তালিকা চেয়ে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউটে পত্র দেওয়া হয়। এর প্রেক্ষিতে যে সকল শিক্ষার্থী কমিটির সঙ্গে যোগাযোগ করে, তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।’
এতে অন্যান্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোস্তাক আহমেদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুলাহ্-আল-মামুন, সমন্বয়ক আব্দুল কাদের, শহিদ ফারহান ফাইয়াজের বাবা আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া এবং শহিদ আবু সাঈদের ভাই মো. আবু হোসেন উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / সুলতানা




