ছবি : সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিনের বিরুদ্ধে মোবাইল কোর্টের জরিমানার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
উপজেলার সুয়াবিল এলাকায় অবৈধ টিলা কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানার বড় একটি অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে এসিল্যান্ডের পকেটে ভরার অভিযোগ এনেছেন আমান উল্লাহ নামে স্থানীয় এক যুবদল নেতা।
এ ঘটনা জানাজানি হলে উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পাশাপাশি এসিল্যান্ড হিসেবে ফটিকছড়িতে তাঁর যোগদানের ২৮ দিনের মাথায় পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়িতে বদলির বিষয়টি এখন টক অপ দ্য ফটিকছড়িতে পরিণত হয়েছে।
জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের সুয়াবিল এলাকায় অবৈধ উপায়ে টিলা কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড আব্দুল্লাহ আল আমিন। সেখান মোবাইল কোর্ট পরিচালনা করে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ও দুটি ড্রাম ট্রাক আটক করে প্রশাসনের হেফাজতে নিয়ে আসা হয়।
গত বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানার বিনিময়ে এস্কেভেটর ও গাড়ি দুটিকে ছেড়ে দেয়া হলেও রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন ১ লাখ ১০ হাজার টাকা।
এ বিষয়ে অভিযোগকারী যুবদল নেতা আমান উল্লাহ বলেন, টিলা কাটার অপরাধে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে এসিল্যান্ড আমার একটি এস্কেভেটর ও দুইটি ড্রামট্রাক আটক করে নিয়ে যায়। পরদিন ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসি।
তিনি আরও বলেন, এ কাজে এসিল্যান্ডের সাথে মধ্যস্থতা করিয়ে দেয়ায় ওই অফিসের পিয়নকেও ৫ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন বলেন, জরিমানার অঙ্ক ১লক্ষ ৬০ হাজার টাকা বলে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেদিনের আদায়কৃত অর্থের রসিদ দেয়া হয়েছে কিনা এমন প্রশ্নে এসিল্যান্ড জানান যেদিন গাড়িগুলো ছাড়িয়ে নেয়, সে দিন আমি ছুটিতে যাচ্ছিলাম, তাড়াহুড়ার কারণে রসিদ দিতে পারিনি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে। তবে তাঁর বদলির আদেশের ব্যাপারে বিভাগীয় কমিশনার স্যার ভাল বলতে পারবেন।
জৈন্তাবার্তা / সুলতানা




