বিএনপির ও জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধের প্রথম দিনে গোলাপগঞ্জে পড়েনি তেমন প্রভাব। তবে সিলেট জকিগঞ্জ - বিয়ানীবাজার সড়কে বাস ও যাত্রী সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক কম ছিল।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে গোলাপগঞ্জে চৌমুহনী সহ বিভিন্ন এলাকা ঘুরে স্বাভাবিক পরিস্থিতি দেখা যায়।
তবে সিলেট জকিগঞ্জ রোডে বাসে যাত্রী কম বলে জানিয়েছে পরিবহণ সংশ্লিষ্টরা। সকাল থেকে গোলাপগঞ্জের সড়কে বাস, ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেল, মাহিন্দ্রা, সিএনজিসহ সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গোলাপগঞ্জ চৌমুহনীর দোকান পাট, শপিংমল ও বিপণী বিতান খুলেছে। শিক্ষা প্রতিষ্ঠান অন্যদিনের মতো স্বাভাবিক রয়েছে। গোলাপগঞ্জ চৌমুহনী বা এর আশেপাশে কোথাও বিএনপি বা জামায়াতের নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়নি।
এদিকে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ মাঠে রয়েছেন, কিছুক্ষণ পর পর তারা চৌমুহনীতে মিছিল করছেন। অবরোধের বিষয়ে জানতে গোলাপগঞ্জের বিএনপির একাধিক নেতাদের ফোন করলেও কেউ রিসিভ করেননি।
গোলাপগঞ্জের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, 'অবরোধকে কেন্দ্র করে গোলাপগঞ্জের কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। সকাল থেকে সবকিছু স্বাভাবিক রয়েছে। জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা দায়িত্ব পালন করছেন।
JA




