নিহত জিল্লুর রহমান
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় পিকেটিং এর সময় পুলিশ দেখে পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় জিল্লুর রহমান (৪২) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জিলু সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মদন গৌরি গ্রামের এলাইছ মিয়ার ছেলে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা জানান, সিলেটের লালাবাজার এলাকায় পিকেটিং করছিলেন জিলুসহ কয়েকজন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল করে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলের গাছের সঙ্গে ধাক্কা লেগে।
তবে এ অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী জানান, পুলিশ ধাওয়া করে আটকের পর জিলুকে মারধর করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
জিলুর বড় ভাই ভুলু আহমদ বলেন, ‘গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ভাই মারা গেছে।’
JA




