গোলাপগঞ্জে পেঁয়াজের ঝাঁজে বিপাকে মানুষ
গত এক সপ্তাহ ধরে গোলাপগঞ্জে পেঁয়াজের ঝাঁজ বেড়েই চলেছে। মাত্র দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা। আগে ৭০ থেকে ৭৫ টাকা বিক্রি হলেও সোমবার থেকে ১১০থেকে ১২৫ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।
এছাড়া কাঁচাবাজারে সব জিনিসপত্রের দামে ঝরছে আগুন। হঠাৎ করে দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা পড়েছেন বেকায়দার মধ্যে।সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, পেঁয়াজের প্রতি কেজি গত শনিবার পর্যন্ত ছিল ৭০-৭৫ টাকা কিন্তু গত রবিবার থেকে কেজিতে বেড়েছে ৫০-৬০ টাকা।
এখন ১১০ থেকে ১২৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে পেঁয়াজ।
বুধবার সকালে গোলাপগঞ্জের চৌমুহনীর আপন বাজার সহ বিভিন্ন দোকান সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে এ চিত্র।
ব্যবসায়ীরা বলছেন, হরতাল কিংবা অবরোধ কর্মসূচি নয়, এলসির কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।
এদিকে গোলাপগঞ্জের সবজি বাজারে ও ঝরছে আগুন। শীতের সবজি এখনো বাজারে তেমন আসেনি; কিন্তু সব জিনিসপত্রের দামে ঝরছে আগুন।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে নতুন শিম প্রতি কেজি ১৬০ থেকে ১৮০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকা, আলু (নতুন) ১২০ থেকে ১২৫ টাকা, পুরাতন ৫৫ থেকে ৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১০০ থেকে ১১০ টাকা, ফুল কপি প্রতি কেজি ৬০ থেকে ৬৫ টাকা, বাঁধা কপি ৬৫ থেকে ৭০ টাকা, মূলা প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকা, ঢেড়শ প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, মুকি প্রতি কেজি ৮০ থেকে ১০০, কারোলা প্রতি কেজি ৭০ টাকা, বেগুন প্রতি কেজি ৫০ টাকা এবং কাঁচা মরিচ প্রতিকেজি ১৩০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে, গোলাপগঞ্জের চৌমুহনী, উত্তর বাজার, হেতিমগঞ্জ বাজার, ঢাকাদক্ষিন বাজার, রাণাপিং বাজার, আছিরগঞ্জ বাজার সহ গ্রামীণ হাট-বাজারেও দাম প্রায় একই। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীন হওয়ায় বেকায়দার মধ্যে পড়েছেন বিপাকের মধ্যে। সবচেয়ে বেশি বেকায়দার মধ্যে রয়েছেন খেটে খাওয়া গরিব লোকজন।
JA




