ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা ইস্যু স্থগিত করার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর।
সোমবার সকালে ঢাকায় মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের।
যেসব দেশের অভিবাসীরা তুলনামূলকভাবে বেশি পরিমাণে মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত বিভিন্ন সামাজিক সহায়তা বা সরকারি সুবিধা গ্রহণ করে বলে মূল্যায়ন করা হয়েছে, তাদের ক্ষেত্রেই এ ব্যবস্থা প্রযোজ্য বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
ওয়াশিংটন বলেছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সরকারি ব্যয়ের ওপর অভিবাসনের সামগ্রিক প্রভাব পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই স্থগিতাদেশ কেবল অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। অ-অভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা—যেমন ভিজিটর বা পর্যটক ভিসার ওপর এর কোনো প্রভাব পড়বে না। ফলে স্বল্পমেয়াদি ভ্রমণ বা ব্যক্তিগত সফরের জন্য যারা যুক্তরাষ্ট্রে যেতে চান, তারা আগের নিয়ম অনুযায়ী ভিসা পাবেন।
ঢাকার মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, ভিসা আবেদন জমা দেওয়া ও পূর্বনির্ধারিত সাক্ষাৎকার কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে। দূতাবাসের কর্মকর্তারা সাক্ষাৎকার নেবেন, তবে স্থগিতাদেশ কার্যকর থাকাকালে অভিবাসী ভিসা ইস্যু করা হবে না।
এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা বা প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি।
জৈন্তা বার্তা/আরআর




