দ্রুত স্বাভাবিক হচ্ছে ভারতীয় ভিসা কার্যক্রম: ভারতীয় হাইকমিশনার
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৫ AM

বর্ডার হাট ও কয়েকটি স্থলবন্দর চালুর উদ্যোগ নেওয়া হবে- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

দ্রুত স্বাভাবিক হচ্ছে ভারতীয় ভিসা কার্যক্রম: ভারতীয় হাইকমিশনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৩/২০২৬ ০১:৪৫:১৩ AM

দ্রুত স্বাভাবিক হচ্ছে ভারতীয় ভিসা কার্যক্রম:  ভারতীয় হাইকমিশনার

ছবি:সংগৃহীত


ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বৈঠক শেষে প্রণয় কুমার ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর ও বহুমাত্রিক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। নতুন সরকারের সঙ্গে যৌথভাবে বাণিজ্য সম্প্রসারণে কাজ করবে ভারত। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, অচিরেই ভারতীয় ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

বর্ডার হাট ও স্থলবন্দর চালুর উদ্যোগ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ভারতীয় হাইকমিশনার নতুন সরকারকে অভিনন্দন জানাতে মন্ত্রণালয়ে এসেছিলেন। তিনি বলেন, বর্তমানে বন্ধ থাকা বর্ডার হাট ও কয়েকটি স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হয়। তবে ভারতীয় অর্থায়নের প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে এ বৈঠকে কোনো আলোচনা হয়নি।

এর আগে রোববার (১ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে বৈঠকেও ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক করার কথা জানান প্রণয় ভার্মা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় ভিসা সেন্টারগুলো পুনরায় চালু এবং ভিসা প্রদানের হার বাড়ানোর অনুরোধ জানান।

জবাবে হাইকমিশনার জানান, বর্তমানে পর্যাপ্ত মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। তবে গত দেড় বছরে সার্বিক নিরাপত্তাজনিত কারণে কিছু ভিসা সেন্টার বন্ধ ছিল এবং ভিসা প্রদানের হার কমে গিয়েছিল।

অনলাইন ভিসা আবেদন ও সাইবার নিরাপত্তা

হাইকমিশনার আরও জানান, বর্তমানে ভারতীয় ভিসার আবেদন অনলাইনে গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটে হ্যাকের চেষ্টা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানালে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ভিত্তি হবে জনগণের পারস্পরিক যোগাযোগ। অভিন্ন সংস্কৃতি, ইতিহাস ও স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি সীমান্তে হত্যার ঘটনা কমিয়ে আনার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

হাইকমিশনার ভারতের আইটিইসি প্রশিক্ষণ কর্মসূচির মানের কথা উল্লেখ করে বাংলাদেশ থেকে আরও বেশি প্রশিক্ষণার্থী অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে ভারতে প্রশিক্ষণ পাঠানোর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

বৈঠকে ঢাকায় ভারতীয় হাইকমিশনের উপ-হাইকমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ