ছবি:সংগৃহীত
সিলেটে পুলিশের গুলিতে নিহত শহিদ সাংবাদিক আবু তাহের মো. তুরাব (এটিএম তুরাব)সহ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের জুলাই বিপ্লবের শহিদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতবারের ধারাবাহিকতায় এবারও তিনি জুলাই বিপ্লবে শহিদ হওয়া গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বীর শহিদদের পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেন।
বুধবার (১৮ মার্চ) দিনভর অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী নিজে উপস্থিত থেকে শহিদ পরিবারের সদস্যদের হাতে এসব উপহার তুলে দেন।
এসময় তিনি বলেন, জুলাই শহিদ পরিবারের পাশে বিএনপি ও বর্তমান সরকার রয়েছে। শহিদ পরিবারের সদস্যরা যেন ন্যায়বিচার পান, সে লক্ষ্যে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, “তারেক রহমানের সরকার জনআকাঙ্ক্ষার সরকার। এই সরকারের আমলে কোনো মানুষ অবিচারের শিকার হবে না।”
এ সময় শহিদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এমপি এমরান আহমদ চৌধুরী। উপহার বিতরণকালে তার সঙ্গে প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় দলীয় নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




