সনাতন পদ্ধতিতে পাথর ও বালু উত্তোলনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে - মন্ত্রী আরিফুল হক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

জৈন্তাপুরে ঈদ শুভেচ্ছা বিনিময় ও ত্রাণ বিতরণ

সনাতন পদ্ধতিতে পাথর ও বালু উত্তোলনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে - মন্ত্রী আরিফুল হক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৩/২০২৬ ০৪:৪৮:০৪ অপরাহ্ন

সনাতন পদ্ধতিতে পাথর ও বালু উত্তোলনের বিষয়ে  দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে - মন্ত্রী আরিফুল হক

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। সভা শেষে তিনি স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আগাম ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিকল্পনা) মোহাম্মদ বদরুল হক, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল নোমান, সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম লস্কর এবং প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী।

এ ছাড়া জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রশিদ, সেক্রেটারি আবদুল হাফিজ, সাবেক সভাপতি আব্দুল মতিন, সাবেক জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জামেয়া আরাবিয়া ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জব্বারসহ স্থানীয় আলেম-উলামা, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সারী নদীর লালাখাল সারী-৩ বালুমহাল নিয়ে বিজ্ঞ আদালতের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জৈন্তাপুরের শ্রীপুর পাথর কোয়ারিসহ জেলার অন্যান্য পাথর কোয়ারি ও বালুমহাল থেকে সনাতন পদ্ধতিতে উত্তোলনের বিষয়েও আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জৈন্তাপুর উপজেলার যেসব সড়ক সংস্কারের প্রয়োজন, সেগুলো পর্যায়ক্রমে সংস্কারের আওতায় আনা হবে। এছাড়া স্থায়ী সিএনজি স্টেশন এবং দরবস্ত এলাকায় একটি মিনি ট্রাক টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

পরিবেশ রক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, জমির মাটি কর্তন এবং পাহাড়-টিলা কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জোরদার করতে নির্দেশনা দেওয়া হবে। একইসঙ্গে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলার মাদক নির্মূল ও পাচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিরো টলারেন্স নীতিতে কাজ করার নির্দেশনাও দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রী উপজেলার বিভিন্ন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসায় নগদ আর্থিক অনুদান প্রদান করেন। একইসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে অসহায় ব্যক্তি ও পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী হিসেবে চাল বিতরণ করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: