ছবি:সংগৃহীত
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, ক্ষমতায় এসে যা খুশি তাই করার কোনো সুযোগ নেই। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ দাপট দেখাতে পারবে না। তিনি হুঁশিয়ার করে বলেন, ক্ষমতার অপব্যবহার বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মো. ফয়সল বলেন, ‘এটা আওয়ামী লীগ সরকার নয়, এটি বিএনপি সরকার। এখানে কোনো সন্ত্রাসকে লালন-পালন করা হবে না।’ তিনি আরও বলেন, জনগণের সুখ-শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব। জনপ্রতিনিধিরা মানুষের কল্যাণে কাজ করার শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন, তাই সেই শপথ ভঙ্গের কোনো সুযোগ নেই। দেশের স্বার্থ ও জনগণের স্বার্থই সবার আগে বিবেচনায় রাখতে হবে।
তিনি বলেন, জনগণই এই দেশের প্রকৃত মালিক এবং সকল ক্ষমতার উৎস। তাই জনগণের আস্থা ও ভালোবাসা ধরে রাখতে হলে নেতাকর্মীদের ন্যায়, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার মধ্যে থাকতে হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এমপি ফয়সল বলেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। দলের ত্যাগী নেতাকর্মীরাই বিএনপির প্রাণ। তাদের আত্মত্যাগ, শ্রম ও ত্যাগের কারণেই আজকের এই অবস্থান সম্ভব হয়েছে। ভবিষ্যতেও তাদের যথাযথ মূল্যায়ন করা হবে বলে তিনি আশ্বাস দেন।
যুবসমাজের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বিশেষ গুরুত্বারোপ করে বলেন, মাধবপুরে বিদ্যমান শিল্পকারখানার মালিকদের স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এতে একদিকে যেমন এলাকার অর্থনীতি শক্তিশালী হবে, অন্যদিকে বেকারত্বও কমবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এতে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত, বিএনপি নেতা শফিকুর রহমান, প্রফেসর মোজাম্মেল হোসেন এবং বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট মীর সিরাজসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা বিতরণ করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




