পাথর শ্রমিকদের নয়, অন্তরালের মূল হো*তাদের বি*রুদ্ধে ব্যবস্থা নিতে হবে: মন্ত্রী আরিফ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

পাথর শ্রমিকদের নয়, অন্তরালের মূল হো*তাদের বি*রুদ্ধে ব্যবস্থা নিতে হবে: মন্ত্রী আরিফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৩/২০২৬ ০৬:৫৬:৫৫ অপরাহ্ন

পাথর শ্রমিকদের নয়, অন্তরালের মূল হো*তাদের বি*রুদ্ধে ব্যবস্থা নিতে হবে: মন্ত্রী আরিফ

ছবি:সংগৃহীত


শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী বলেছেন, অবৈধভাবে পাথর-বালু উত্তোলনের ঘটনায় শুধু পেটের দায়ে খেটে খাওয়া শ্রমিকদের আটক করলেই চলবে না। শ্রমিকদের জবানবন্দির মাধ্যমে অন্তরালে থাকা প্রকৃত সুবিধাভোগীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় দুস্থ, অসহায় ও কর্মহীন পাথর-বালু সংশ্লিষ্ট প্রায় এক হাজার শ্রমিকের মধ্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এ অঞ্চলের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বড় একটি অংশ দীর্ঘদিন ধরে পাথর ও বালু উত্তোলনের ওপর নির্ভরশীল। তাই বিদ্যমান আইনি জটিলতা নিরসনে সংশ্লিষ্ট সব প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত এবং ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলন কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে সরকার কাজ করছে।

তিনি আরও জানান, পাথর শ্রমিকদের কর্মসংস্থান ও চলমান সংকট নিরসনের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। খুব শিগগিরই এ অঞ্চলের শ্রমিকদের জন্য সুখবর আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

এ সময় উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, শুধু শ্রমিকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটক না করে, এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত চাঁদাবাজ ও প্রভাবশালীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, আপাতত খাদ্য সহায়তা কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের মাঝে সরকারি সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে, যা তাদের দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি আনবে। পাশাপাশি কর্মহীন পাথর শ্রমিকদের সন্তানদের লেখাপড়ার ব্যয় সরকারিভাবে বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি সুলেমান আলি, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হেলোয়ার, সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হাসান আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: