তেলের সংকট ও দ্রব্যমূল্য বাড়বে, সতর্ক করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শনিবার, ০২ মে ২০২৬, ১১:২০ PM

তেলের সংকট ও দ্রব্যমূল্য বাড়বে, সতর্ক করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৩/২০২৬ ০৪:১৯:০৬ PM

তেলের সংকট ও দ্রব্যমূল্য বাড়বে, সতর্ক করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংগৃহীত


মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সামনের দিনগুলো কঠিন হতে পারে, সেই সঙ্গে তেলসহ জিনিসপত্রের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে ‘নেহা নদী’ পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী তিন মাসের মধ্যে ১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ৫ দশমিক ৮ কিলোমিটার নেহা নদী পুনঃখনন কাজ সম্পন্ন করা হবে। 

মির্জা ফখরুল বলেন, ‘এখন একটা বড় সংকট দেখা দিয়েছে- তেল নাই, যুদ্ধ লাগছে আপনার ওই যে ইরান আর ইসরায়েল-আমেরিকা। এজন্য তেলের সাপ্লাই কম। এ কারণে আমাদের সামনের দিনগুলো খুব ভালো সময় না ভাই, সামনের দিনগুলো একটা কঠিন সময়।’ তিনি বলেন, ‘এই যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করতেছে, আমাদের তেলের দাম বাড়বে, আমাদের জিনিসপত্রের দাম বাড়বে, সেগুলোকে সয়ে (সহ্য) নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’ 

সমবায় মন্ত্রী বলেন, ‘আমরা যে কথা বলি, তারেক রহমান যে কথা বলে সেটা আমরা কাজ করে দেখাই। ওই যে কিছু সংখ্যক নেতা বের হইছে না - বেহেশতে যাওয়ার টিকিট দিচ্ছে! বেহেশত তো দিতে পারলো না এবার, আমরা আমাদের কাজ দিয়ে ইনশাআল্লাহ বেহেশতে যাবো। আমরা আমাদের কাজ দিয়ে, ইবাদত করে ইনশাআল্লাহ বেহেশতে যাওয়ার ব্যবস্থা করব।’ 

তিনি বলেন, ‘একটা জিনিস মনে রাখবেন ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না, ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার, সেটা হচ্ছে বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ ধার্মিক। ধর্মটাকে তারা ভালোবাসে, সম্মান করে শ্রদ্ধা করে। ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। এটা মনে রাখতে হবে আমাদের।’ 

আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সবাই সাবধান থাকবেন, কোথাও গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না। এটা আমরা হতে দেবো না। এটা মাথায় রাখবেন, আইনকানুন মেনে চলবেন।’ 

তিনি আরও বলেন, ‘বিএনপির সরকার যেহেতু আসছে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলের সরকার, আমাদের গণতন্ত্রের মা প্রয়াত খালেদা জিয়ার দল, তাদেরই সন্তান তারেক রহমান আজকে আমাদের নেতা, প্রধানমন্ত্রী। তিনি আজকে একটা মুহূর্ত বসে থাকছেন না, কাজ করতেছেন এবং এ কাজ সবাইকে নিয়ে, সকল মানুষকে নিয়ে করতেছেন।’ 

মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমান একটা স্লোগান দিছে না- করব কাজ, গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ, এটা অর্থবহ একটা কথা। কাজ করতে হবে, একসাথে কাজ করব, দেশটাকে গড়ব। তাহলে আমরা এগিয়ে যেতে পারবো।’বিএনপি কাজ করার জন্য ক্ষমতায় আসছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ এই দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব।’

মির্জা ফখরুল বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা আমাদের অনেক সাহায্য করছে, অনেক ভোট দিছে। তাদের সঙ্গে আপনারা ভাই-ভাই সম্পর্কে নিয়ে এগিয়ে যাবেন। একটা উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করবেন আপনারা। বাংলাদেশের আত্মাটা এক জায়গায়, এখানে ধর্মে ধর্মে বিভক্ত নেই, এটাই আমার আত্মা। এটা আমাদের রক্ষা করতে হবে, এটা আমরা ভাঙতে দিতে চাই না।’এ সময় দলের নেতাকর্মীদের সঠিক ও সোজা রাস্তায় চলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।এ সময় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ জেলা, উপজেলা ও রায়পুর ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/সুলতানা