ছবি:সংগৃহীত
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, উন্নয়নই তাদের প্রধান অঙ্গীকার এবং মানুষের জীবনমানের পরিবর্তনই রাজনীতির মূল লক্ষ্য। দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ এলাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার (২৪ মার্চ) ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের রাউথখাই-চান্দাইর পাড়া সড়ক পরিদর্শন শেষে ইরা মিয়ার বাড়িতে আয়োজিত ঈদ শুভেচ্ছা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপি নেতা ইরা মিয়া। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (২৩ মার্চ) দিনব্যাপী বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন এবং নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এমপি লুনা।
বিকেলে দৌলতপুর ইউনিয়নের ছালিয়া রোড থেকে চৈতননগর হয়ে লামা টুকের বাজার সংযোগ সড়কের মাটি ভরাট কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়। রাস্তা-ঘাট উন্নত হলে কৃষি, ব্যবসা ও শিক্ষাসহ সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসে। তাই গ্রামকে শহরের সুবিধার আওতায় আনতে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য দেন। পরে ওয়ার্ড বিএনপির সভাপতি আজির উদ্দিনের সভাপতিত্বে ও জেলা যুবদল নেতা আবু তাহের মিছবাহ এবং মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা মাছুম আহমদ। এতে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বিকেলে দৌলতপুর ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন এমপি লুনা। তিনি বলেন, বাংলাদেশের ঐতিহ্যই হচ্ছে সম্প্রীতি, সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সবার দায়িত্ব।
পরে তিনি রামপাশা ইউনিয়নে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এবং রামপাশা বাজারে ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ীদের সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
দিনের শুরুতে তাজপুর ও গোয়ালা বাজারে ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং বাজার সংলগ্ন খাল পরিদর্শন করেন তিনি। পাশাপাশি ছাত্রদল নেতা আবিরের বাড়িতে গিয়ে তার অসুস্থ পিতার খোঁজখবর নেন, যা স্থানীয়দের মাঝে মানবিক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




