ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা: জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:০১ AM

ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা: জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ১০:৩৯:৫৬ PM

ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা: জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের ইসহাকপুর এলাকার আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদ্রাসার এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে অভিযুক্ত শিক্ষক সামসুল হুদাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযুক্ত সামসুল হুদা কুমিল্লার লাকসাম উপজেলার বড়বাম গ্রামের মাওলানা আলী নওয়াবের ছেলে এবং ওই প্রতিষ্ঠানের আরবি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার বিবরণে জানা যায়, রবিবার (৩ মে) উপবৃত্তির ফরম পূরণের কথা বলে আলিম প্রথম বর্ষের এক ছাত্রীকে ডেকে নেন তিনি। পরে মিলনায়তনে নির্জন পরিবেশের সুযোগ নিয়ে ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী ছাত্রী কোনোভাবে সেখান থেকে পালিয়ে বাড়িতে গিয়ে বিষয়টি স্বজনদের জানান।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে আটক করে গণধোলাই দেয়। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামসুল হুদার বিরুদ্ধে এর আগেও নৈতিক স্খলনের অভিযোগ উঠেছিল। ২০১৫ সালে যোগদানের পর মুঠোফোনে আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগে একবার তাকে বরখাস্ত করা হয়। পরবর্তীতে ২০১৮ সালে গভর্নিং বডির হস্তক্ষেপে তিনি পুনরায় নিয়োগ পান।

মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম নিজামী বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত ও পর্যবেক্ষণ শেষে স্থায়ীভাবে বরখাস্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায় বলেন, বরখাস্তের দাপ্তরিক নথি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ