২৬ নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যালের জমকালো উদ্বোধন
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৭ PM

২৬ নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যালের জমকালো উদ্বোধন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৬/২০২৬ ০৮:২৬:৫০ PM

২৬ নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যালের জমকালো উদ্বোধন

সংগৃহীত


বাঙালি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতির অপূর্ব মেলবন্ধনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’। বর্ণিল আয়োজন, ঐতিহ্য আর সংস্কৃতির সমাহারে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় ফুলছড়া চা বাগান মাঠে উৎসবটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

উৎসবে বাঙালির পাশাপাশি ২৬টিরও বেশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনধারা, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, খাবার, নৃত্য ও শৈল্পিক কারুকাজের দৃষ্টিনন্দন প্রদর্শনী স্থান পেয়েছে। মনিপুরী, গারো, খাসিয়া, উরাও, ত্রিপুরাসহ বিভিন্ন জনগোষ্ঠীর উৎপাদিত পণ্য ও সংস্কৃতি দর্শনার্থীদের আকর্ষণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের সব সম্প্রদায়ের মানুষের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। এ ধরনের আয়োজন পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি স্থানীয় আদিবাসীদের তৈরি হস্তশিল্প বিশ্ববাজারে রপ্তানির মাধ্যমে তাদের অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সচিব ফাহমিদা আক্তার, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রউফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম নাসের রহমান, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।১৯ থেকে ২১ জুন প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই উৎসব।

জৈন্তাবার্তা/সুলতানা